সাতক্ষীরা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরা বিএনপি'র আহবায়ক সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ ১৪ নেতাকর্মী'র বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে।
শুক্রবার তালা উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলনে কমিটি করা নিয়ে মারামারি ঘটনার ঘটে।
এই ঘটনার পর গভীররাতে তালা থানায় মামলাটি করেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম বাবলু।
শনিবার বিকালে কামরুল ইসলাম ও আশরাফ নামে মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আসামিদের মধ্যে আরো আছেন- তালা উপজেলা বিএনপি'র সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক স ম ইয়াসিন, উপজেলা বিএনপি'র সদস্য নুরু বিশ্বাস ও মীর আজম।
তালা থানার ওসি মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
তিনি জানান, বাদী সিরাজুল ইসলাম বাবলু অভিযোগ করেছেন- তালা উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলনে কমিটি গঠন প্রক্রিয়ায় তিনি সভাপতি পদ দাবি করায় জেলা আহ্বায়ক হাবিব তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করেন।
পরে বক্তব্য দিতে চাইলে আহ্বায়কের নির্দেশে তার সমর্থকরা সিরাজকে মারধর করে সম্মেলনস্থল থেকে বের করে দেন। এর প্রতিবাদ জানালে তার কয়েকজন সমর্থককেও মারধর করেন আহ্বায়কের সমর্থকরা।
তালা সরকারি কলেজ মাঠে শুক্রবার সকালে উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে হাঙ্গামা ও সংঘর্ষে পাঁচজন আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৪ ঘ.
bdnews24