ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত রায় মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে বিএনপি ও এর প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানকে সহায়তাকারী ও সুবিধাভোগী বলে অভিযোগ করে আসছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শুক্রবার রমনায় ছাত্রদলের এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, "সুপ্রিম কোর্ট প্রকৃত আসামিদের বিচারের চূড়ান্ত যে রায় দেবেন, দেশবাসী তা মেনে নেবে।"
আপিল বিভাগ আগামী ১৯ নভেম্বর বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত রায়ের দিন নির্ধারণ করেছে।
বিএনপি ও জাতীয় পার্টির বিরুদ্ধে তাদের শাসনামলে বঙ্গবন্ধু হত্যা মামলায় অভিযুক্ত ও পরে দণ্ডিতদের পুনর্বাসনের অভিযোগ রয়েছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দেশে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছিল। এরপর অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের মধ্যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আবির্ভূত হন জিয়াউর রহমান। পরে তিনি বিএনপি গঠন করেন।
অ্যাটর্নি জেনারেলসহ রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, "অ্যাটর্নি জেনারেল ও সরকারি আইন কর্মকর্তারা যেভাবে রায়ের বিষয়ে আগেই চূড়ান্ত ইঙ্গিত দিচ্ছেন, তা স্বাধীন বিচার ব্যবস্থার পরিপন্থী।
"দেশে ন্যায় বিচার ও আইনের শাসন বিদ্যমান আছে বলে মনে হয় না", বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৪৯ ঘ.
bdnews24