ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাওয়া নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির দুই জ্যেষ্ঠ সাংসদের মধ্যে বাগযুদ্ধ হয়েছে।
বৃহস্পতিবার বিকালে এক 'মিট দ্য রিপোর্টাস'-এ বিএনপির সালাহউদ্দীন কাদের চৌধুরী বঙ্গবন্ধুর আমলে সংবিধানের চারটি সংশোধনী রেখেই বর্তমান সরকারকে '৭২ সালের সংবিধানে ফিরে যাওয়ার পরামর্শ দেন।
তবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আওয়ামী লীগের সুরঞ্জিত সেন গুপ্ত পাল্টা জবাবে তাকে সাফ জানিয়ে দেন, এ নিয়ে আওয়ামী লীগ কিংবা মহাজোটকে অন্যের কাছ থেকে পরামর্শ নিতে হবে না।
রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে 'প্রসঙ্গ: ৭২ সালের সংবিধান' শিরোনামের এ অনুষ্ঠানে '৭২ সালের সংবিধান প্রশ্নে তারা বির্তকের ঝড় তুললেও সংবিধানের ৭০নং অনুচ্ছেদ সংশোধনের পক্ষে একমত হন তারা।
সংবিধানের ৭০ নং অনুচ্ছেদ অনুসারে সাংসদরা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে পারেন না।
বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরের শাসনামলে বাকশাল প্রতিষ্ঠার চতুর্থ সংশোধনীসহ চারটি সংশোধনী আনা হয়। ১৯৭৫ সালে ১৫ আগস্ট সপরিবারে তাকে হত্যা করা হয়।
সালাহউদ্দীন কাদের চৌধুরী '৭২ সালের সংবিধানে ফিরে যাওয়ার বিষয়ে মতামত দিতে গিয়ে বলেন, "মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান '৭২ সালের সংবিধান কয়েকদফা সংশোধন করেছেন। একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠায় চতুর্থ সংশোধনী, জরুরী অবস্থা জারির দ্বিতীয় সংশোধনী, যুদ্ধাপরাধীর বিচারবিষয়ক প্রথম সংশোধনীগুলো তিনিই করেছেন।"
এসব ঠিক রেখেই '৭৫ সালের ১৫ আগস্টের পূর্বাবস্থায় '৭২ সালের সংবিধানে ফিরে যেতে তার কোনো আপত্তি নেই জানিয়ে তিনি (সালাউদ্দীন কাদের) বলেন, "এই সংশোধনী না রেখে কেবল '৭২ সালের সংবিধানের কথা বললে মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবকে অশ্রদ্ধা করা হবে বলে আমি মনে করি।''
জবাবে সুরঞ্জিত সেনগুপ্ত স্পষ্টভাবে বলেন, "৭২ সালের সংবিধানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংশোধনীগুলো আছে, আগামীতেও থাকবে।"
তবে চতুর্থ সংশোধনীর বিষয়ে আওয়ামী লীগ কী করবে-তার জন্য তিনি অপেক্ষা করার আহবান জানিয়ে বলেন, "পঞ্চম সংশোধনী বাতিল করে হাইকোর্টের একটি রায় বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। হাইকোর্টের বিচারপতি খায়রুল হকের বেঞ্চের রায় সুপ্রিম কোর্টে কী হয়- তা দেখে সংসদে '৭২ সালের সংবিধান পুনরুজ্জীবনের প্রক্রিয়া শুরু করা উচিত।"
সুরঞ্জিতের মতে, ওই রায়ের মাধ্যমে '৭২ সালের সংবিধান কার্যকর করার প্রক্রিয়া শুরু করা হবে উত্তম পথ।
তবে সুরঞ্জিতের সঙ্গে দ্বিমত পোষন করে সালাহউদ্দিন কাদের বলেন, "সুপ্রিমকোর্টের রায়ের পর '৭২ সালের সংবিধানে ফিরে যাওয়ার পক্ষে আমি নই। কারণ, দেশের জনগণ আমাদের সংসদে আইন প্রণয়ন করতে এমপি নির্বাচিত করেছেন। বিচারক কিংবা জজ সাহেবদের রায় শুনে আইন প্রণয়ন করতে জনগণ আমাদের নির্বাচিত করেননি।
"যে জজ সাহেব আমাদের জামিন দিতে পারেন না, তাদের কাছে এভাবে সুরঞ্জিত সেনগুপ্তের আত্মসমর্পণ আমি আশা করিনি।''
একাত্তরে দেশ স্বাধীন হওয়ার পর গঠিত গণপরিষদের সদস্যরা পাকিস্তানের গণপ্রতিনিধিত্ব আদেশ আইনের অধীনে নির্বাচিত হয়েছেন উল্লেখ করে ওই সংসদে আইনি বৈধতা নিয়েও প্রশ্ন রাখেন সালাউদ্দীন কাদের।
'৭২ সালের সংবিধানে ফিরে যেতে কিছু 'স্পর্শকাতর' বিষয় রয়েছে বলে প্রধানমন্ত্রী সংসদে বলেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, "তবে সেই বিষয়গুলো উল্লেখ করেননি তিনি। আমি মনে করি, সেই স্পর্শকাতর বিষয়গুলো আর কিছুই নয়, সংবিধানের ওই চারটি সংশোধনী।''
সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, "৭২ সালের সংবিধান পুনরুজ্জীবিত করে এদেশ থেকে ধর্মান্ধ ও পাকিস্তানি ভাবধারার রাজনীতির কবর দিতে হবে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের রায় এখন চূড়ান্ত পর্যায়ে। ওই রায়ের মধ্য দিয়ে প্রতিবিপ্লবীদের চূড়ান্ত পরাজয় হবেই হবে।''
অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক পথিক সাহা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/১৯৫৫ ঘ.
bdnews24