২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুদ্রা পাচার: কোকোর বিরুদ্ধে অভিযোগপত্র

মুদ্রা পাচারের মামলায় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2009, 11:14 AM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচারের মামলায় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন। কমিশনে অনুমোদিত হওয়ার বৃহস্পতিবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্র অনুমোদনের কথা এর আগে কমিশনের উপপরিচালক আবু সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। বাদি সাঈদ একইসঙ্গে এ মামলার তদন্ত কর্মকর্তা। কমিশনের দায়ের করা ওই মামলায় কোকোর বিরুদ্ধে ২৮ লাখ ৮৪ হাজার ৬০৪ সিঙ্গাপুরি ডলার এবং ৯ লাখ ৩২ হাজার মার্কিন ডলার পাচারের অভিযোগ আনা হয়েছে। মামলায় বলা হয়, সিঙ্গাপুরের ব্যাংকে কোকোর হিসাবে বাংলাদেশের কয়েকটি অবকাঠামো প্রকল্পের কাজ পাওয়ার জন্য বিদেশি কোম্পানির ঘুষের টাকা জমা হয়েছিল। অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় কোকোকে সর্বোচ্চ সাত বছর কারাভোগ করতে হবে। সাবেক নৌমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মনকেও এ মামলায় কোকোর সঙ্গে আসামি করা হয়েছে। তাকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা সাঈদ। মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষী করা হয়েছে ২৩ জনকে। দুর্নীতি দমন কমিশন গত ১৭ মার্চ কাফরুল থানায় কোকোর বিরুদ্ধে এ মামলা দায়ের করে। গ্যাটকোসহ কয়েকটি দুর্নীতির মামলার আসামি কোকো চিকিৎসার জন্য নির্বাহী আদেশে মুক্তি নিয়ে সপরিবারে দেশের বাইরে রয়েছেন। বুধবারই তার মুক্তির মেয়াদ আরো একমাস বাড়ানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিবি/এমআই/১৭০০ ঘ.