ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একদিনে সব পৌরসভায় ও ছয় দিনে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন করার চিন্তা-ভাবনার কথা আবারো জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।
বুধবার বিকালে নির্বচন কমিশনে (ইসি) বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
এসএসসি ও এইচএসসি পরীক্ষা সামনে থাকায় এবং ফসল উঠার মৌসুম হওয়ায় জানুয়ারিতে ইউপি নির্বাচন করা সম্ভব হচ্ছে না জানিয়ে সিইসি বলেন, "তবে ২০১০ সালের মধ্যে সব ধরনের স্থানীয় সরকারের মেয়াদোত্তীর্ণ নির্বাচন করা হবে।"
তিনি জানান, মার্চে ঢাকা সিটি করপোরেশন এবং মে মাসে একদিনেই মেয়াদোত্তীর্ণ তিন শতাধিক পৌরসভা ও সেপ্টেম্বরের শেষে ছয় বিভাগে ছয়দিনে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন করা হবে।
সুবিধাজনক সময়ে এসব নির্বাচনের সুনির্দিষ্ট সময়সূচি জানানো হবে বলেও জানান সিইসি।
দেশে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ এবং তিনশ' নয়টি পৌরসভা আছে। ইউনিয়ন পরিষদগুলোর বেশিরভাগই মেয়াদোত্তীর্ণ। সর্বশেষ ২০০৩ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়। আর সাতটি পৌরসভায় নির্বাচন হয়েছে গত বছরের ৪ আগষ্ট।
সিইসি এর আগে গত ২২ অক্টোবর ফেনীতে জানান, আগামী বছরের মার্চ মাসে সারা দেশে একযোগে পৌরসভা ও জুলাইয়ের শেষ ছয় দিনে ছয় বিভাগে ইউপি নির্বাচন হবে।
ইউনিয়ন পরিষদ ফোরামের নেতা মাহবুবুর রহমান টুলু সাংবাদিকদের জানান, তারা জানুয়ারিতে ইউপি নির্বাচন করার দাবি জানিয়ে নির্বাচনে উপজেলা চেয়ারম্যান ও সাংসদদের প্রভাব না খাটাতে নতুন বিধানের প্রস্তাব করেছেন।
এ বিষয়ে সিইসি সাংবাদিকদের বলেন, "নতুন করে আইন করা সম্ভব নয়। আইনে যা আছে, তা প্রয়োগে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে।"
ইসির সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন, ইসি সচিব মুহম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/এসএইচ/২২০০ ঘ.
bdnews24