২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাট বিএনপি কার্যালয়ে সরকার সমর্থকদের ভাংচুর-অগ্নিসংযোগ

লালমনিরহাট শহরে রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কয়েক দফায় জেলা বিএনপি, শ্রমিকদল, জামায়াত ও শিবিরের কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে সরকার সমর্থক ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2009, 02:02 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

লালমরিহাট/রংপুর, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট শহরে রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কয়েক দফায় জেলা বিএনপি, শ্রমিকদল, জামায়াত ও শিবিরের কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে সরকার সমর্থক ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লালমনিরহাট ও রংপুর প্রতিনিধি জানান, সন্ধ্যা ৬টার দিকে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা জেলা শ্রমিকদল কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এরপর একইভাবে জেলা বিএনপি কার্যালয়েও হামলা করে। এ সময় তারা রঙিন টেলিভিশন, চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা শহরের নিশান মোড় এলাকায় এসে যুবদল নেতা আব্দুল হালিমের কংকন চাইনিজ রেস্টুরেন্ট এবং এর পাশের শ্রমিকদল নেতা জালাল উদ্দিন পরিচালিত বাবুল পরিবহনের একটি বাস কাউন্টার ভাংচুর করে। কাউন্টারের সামনে রাখা একটি মোটরসাইকেলও ভাঙে তারা। এরপর একই এলাকার বন্ধু হোটেলের আসবাবপত্রও ভাংচুর করে। রাত ৮টার পর মিশন মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আব্দুল হালিম সাংবাদিকদের বলেন, "আমার প্রতিষ্ঠানে সরকারি দলের লোকজন ব্যাপক ভাংচুর করেছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।" জেলা যুবলীগের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন মামুন বলেন, "বিকেলে বিএনপির কিছু কর্মী আমার ছোট ভাই মুরাদকে পিটিয়ে আহত করে। তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।" জেলা বিএনপি সভাপতি আসাদুল হাবিব দুলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে শহরের সাততানা মোড়ে সদর উপজেলা বিএনপির সাংঠনিক সম্পাদক আব্দুস সালামের বাড়িতে ভাংচুর চালায় ও অগ্নিসংযোগ করে। ১০টার দিকে একই এলাকায় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নূরুল ইসলামের বাসায় তার একটি প্রাইভেট কারে আগুন দেয়। সোয়া ১০টার দিকে খাতাপাড়ায় জেলা জামায়াত ও শিবিরের কার্যালয়ে আগুন দেয়। সাড়ে ১০টার দিকে কলেজ বাজার এলাকায় বিএনপি নেতা আব্দুল জব্বারের বাড়ি থেকে মালামাল লুট করে। এ সময় জব্বার নিজেও আহত হন। প্রশাসনকে জানানোর পরও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। সদর থানার ওসি এএসএম ফয়জুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখন পর্যন্ত কেউ মামলা করেনি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এএনএস/০১২৫ ঘ.