ঢাকা, নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্যবাদী শক্তি দেশ ও গণতন্ত্রকে 'গলাটিপে' ধরেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
রোববার জাতীয়তাবাদী ছাত্রদলের বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি এ অভিযোগ করে বলেন, "এ থেকে মুক্ত না হতে পারলে আমাদের স্বাধীনতা অর্থহীন হয়ে পড়বে। গণতন্ত্র ও উন্নয়ন বিনষ্ট হয়ে যাবে।
একই সঙ্গে বর্তমান সরকারকে আধিপত্যবাদীদের স্বার্থ রক্ষার পথ পরিহার করে মানুষের কল্যাণে কাজ করার আহবানও জানিয়ে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ৭ নভেম্বর বিএনপির দৃষ্টিতে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে ছাত্রদল। এ সময় সংগঠনের নেতা-কর্মীরা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি ও প্ল্যাকার্ড বহন করে। শোভাযাত্রাটি ফকিরাপুল, দৈনিক বাংলার সড়ক দিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এর উদ্বোধন করে দেলোয়ার বলেন, "দ্রব্যমূল্য পরিস্থিতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। অথচ সেদিকে সরকারের কোনো নজর নেই। বরং তারা বিদেশিদের কাছে তাদের অঙ্গীকার কিভাবে বাস্তবায়ন করবে, সেই কাজে ব্যস্ত রয়েছে।
"এশিয়ান হাইওয়ের নামে ট্রানজিট, টিপাইমুখে বাঁধ নির্মাণের বিরুদ্ধে কথা না বলা, সমুদ্রের তেল-গ্যাসের ব্লক বিদেশিদের হাতে তুলে দেওয়ার মতো কাজ করছে তারা।"
এক্ষেত্রে সরকার দেশের স্বার্থে কাজ করছে না বলেও মন্তব্য করেন তিনি।
এ সরকার বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে অভিযোগ করে দলের মহাসচিব বলেন, এ জন্য তারা (সরকার) বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। আদালতকে প্রভাবিত করছে। রিমান্ডের নামে বিরোধীদলের নেতা-কর্মীদের পুরনো মামলায় ফাঁসানোর চেষ্টা করছে।
তিনি সরকারকে জুলুম-নির্যাতনের পথ পরিহার করার আহবান জানিয়ে বলেন, তার দল কোনো সংঘর্ষে যেতে চায় না।
কিন্তু সরকার দেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিলে তারা জনগণকে সঙ্গে নিয়ে সেই পথে প্রতিরোধ গড়ে তুলবে বলেও জানান তিনি।
দেলোয়ার পঁচাত্তরের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের পটভূমি তুলে ধরে দাবি করেন, আধিপত্যবাদী শক্তির সীমানার বিস্তার ঘটাতে ৩ নভেম্বর খালেদ মোশাররফ নিজেই নিজেকে সেনাপ্রধান ঘোষণা দেন। এই ঘোষনাটিও আসে কলকাতার বেতার থেকে।
তিনি বলেন, "সে সময়ে আমরা দেশে থেকেও কিছুই জানতাম না।"
তার দাবি, এ রকম অবস্থা থেকে মুক্ত হতেই সেদিন দেশপ্রেমিক সেনাবাহিনী জনতাকে নিয়ে সিপাহী-জনতার বিপ্লব সফল করেছিলো। ওই বিপ্লবের মাধ্যমে জিয়াকে মুক্ত করেন তারা।
আওয়ামী লীগ ওই দিবসটি অর্থহীন করতে এখন অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে দেলোয়ার বলেন, "জনগণ তা গ্রহন করেনি।''
ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যদের সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান, সাবেক সাংসদ ফজলুল হক মিলন ও ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিম বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/১৯০৩ ঘ.
bdnews24