২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু ও চার নেতা হত্যায় জিয়া জড়িত: হানিফ

বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার সহযোগীরা জড়িত বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2009, 04:56 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার সহযোগীরা জড়িত বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ৭ নভেম্বর পরবর্তী ধারাবাহিক মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডের সঙ্গেও তারা জড়িত বলে অভিযোগ তার। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ আয়োজিত '৭ নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ বলেন, "দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। এর ধারাবাহিকতায় ৩ নভেম্বর চার নেতা এবং ৭ নভেম্বর সেনাবাহিনীর অভ্যন্তরে মুক্তিযোদ্ধাদের হত্যা শুরু হয়। "এ সব হত্যাকাণ্ডের নেপথ্যে থেকে কলকাঠি নেড়েছেন জিয়াউর রহমান ও তার সহযোগিরা। শেখ হাসিনা ও তাপসের ওপর হামলা প্রমাণ করে আজও তারা সক্রিয়।" সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, "৭ নভেম্বর পরবর্তী দিনগুলোতে সেনাবাহিনীর অভ্যন্তরে কত সংখ্যক মুক্তিযোদ্ধা হত্যা করা হয়েছে তার সঠিক হিসাব নেই। কেবল মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সে সব ঘটনার প্রত্যক্ষদর্শী সেনা কর্মকর্তারা এর স্বরূপ উন্মোচন করতে পারেন।" এর মাধ্যমে সেদিনকার খলনায়কদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু করা যাবে বলে তিনি মন্তব্য করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "ইতিহাসকে বিকৃতির হাত থেকে রক্ষা করতে এবং খুনিদের লাগাম টেনে ধরতে '৭৫ পরবর্তী সব হত্যাকাণ্ডের বিচার হওয়া প্রয়োজন।" অন্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ সভাপতি মজিবুর রহমান, সহ-সভাপতি নূর ইসলাম মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা আবু কাওছার ও মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে শহীদ মিনার থেকে একটি শোক র‌্যালী বের হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসএইচ/২২৫২ ঘ.