২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধীদের সংসদে ফেরাতে ব্যবসায়ী নেতাদের উদ্যোগী হওয়ার আহবান

বিরোধী দলকে সংসদে ফেরাতে সুশীল সমাজ ও ব্যবসায়ী নেতাদের উদ্যোগী হওয়ার আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2009, 02:55 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলকে সংসদে ফেরাতে সুশীল সমাজ ও ব্যবসায়ী নেতাদের উদ্যোগী হওয়ার আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। শনিবার রাজধানীর মাল্টিপ্ল্যান সেন্টারে নয় দিনের ডিজিটাল আইসিটি ফেয়ার (তথ্য প্রযুক্তি মেলা) উদ্বোধনকালে তিনি বিরোধী দলকে সংসদে ফিরে সরকারের ভুল ধরিয়ে দেওয়ার জন্যও আহবান জানান। বিরোধী দলকে সংসদে ফিরতে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ'র আহবানের এক দিন পরই মন্ত্রী এ আহবান জানালেন। শুক্রবার বাটেক্সপোর সমাপনী অধিবেশনে উপস্থিত বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে সংগঠনের সভাপতি আবদুস সালাম মুর্শেদী তাদের সমস্যা নিয়ে কথা বলার জন্য সংসদে ফিরে যেতে তার প্রতি আহবান। চলতি সংসদের দ্বিতীয় অধিবেশন থেকেই বিরোধী দল সংসদে যাচ্ছে না। সদ্য শেষ হওয়া তৃতীয় অধিবেশনেও তারা পুরোপুরি অনুপস্থিত ছিলো। গণমাধ্যম এখন ফ্রি, স্বাধীন বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী আরও বলেন, "গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা সরকারের ভুল শোধরাতে সাহায্য করে।" বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা করার জন্য সকল গণমাধ্যমের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, গণমাধ্যম এখনকার মতো স্বাধীনভাবে আর কোন সময় কাজ করতে পারেনি। তবে কিছু মাধ্যমে এমন বক্তব্য প্রচার করা হচ্ছে, যা দেশের কাজে আসে না বলেও অভিযোগ করেন তিনি। এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে শুরু হওয়া এ মেলা চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। মাল্টিপ্ল্যান সেন্টার দোকান মালিক সমিতি তৃতীয় বারের মতো এ মেলার আয়োজন করছে। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে এবং এর সুফল সর্বস্তরে ছড়িয়ে দিতে সরকার তথ্যপ্রযুক্তি টাস্কফোর্সকে সক্রিয় করার উদ্যোগ নিয়েছে। "এ টাস্কফোর্সকে আরও শক্তিশালী করা হবে, যাতে তথ্যপ্রযুক্তিকে উন্নয়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়" বলেন তিনি। ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই'র সভাপতি আনিসুল হক ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকারের রাজনৈতিক এজেন্ডার প্রশংসা করে বলেন, তবে এজন্য সরকারকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা কম্পিউটার ও সফটওয়্যার বান্ধব নন মন্তব্য করে তিনি বলেন, "তাদের এ সংক্রান্ত জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে।" ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিয়ে সরকারের বিশেষায়িত প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশনের সভাপতি আফতাব উল ইসলাম তথ্যপ্রযুক্তি সময়ের দাবি উল্লেখ করে বলেন, "১৫ বছর আগে সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত না হওয়ায় দেশের বিপুল ক্ষতি হয়েছে। সেসময় সংযুক্ত হলে গার্মেন্টেসের বদলে এখন বাংলাদেশ তথ্যপ্রযুক্তির দেশ হিসেবে পরিচিতি পেত বলে মন্তব্য করে তিনি এর জন্য রাজনীতিবিদ, বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের দায়ী করেন। ডিজিটাল ফেয়ার কমিটির আহবায়ক তৌফিক এহেসানের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক সাংসদ মোস্তফা মহসিন মন্টু। এ সময় আরও বক্তব্য রাখেন দোকান মালিক সমিতির চেয়ারম্যান আমির হোসেন খান। মাল্টিপ্ল্যান সেন্টারের তৃতীয় তলা থেকে ১০ তলা পর্যন্ত ৯৬ হাজার বর্গফুট এলাকায় চারশ'টি দোকানে এ মেলা হচ্ছে। পণ্য প্রদর্শন ও বিক্রয় ছাড়াও মেলায় শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, তথ্যপ্রযুক্তি নিয়ে সেমিনার, খেলার সুবিধা, ফ্রি ইন্টারনেট ব্রাইজিং সুবিধা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএইচ/২০৫০ ঘ.