২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় মামলা

বরিশাল জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকে আসামি করে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2009, 02:48 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

বরিশাল, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকে আসামি করে একটি মামলা হয়েছে। শুক্রবার রাতে জেলা বিএনপি সদস্য মো. মন্টু খান বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় মামলাটি করেন। বৃহস্পতিবার বিকেলে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থকরা নগরীর সদর রোডে বিএনপি কার্যালয়ে হামলা, ভাংচুর ও আগুন দেয়। মামলায় জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ আনিচুর রহমান, জেলা যুবলীগ সভাপতি জাকির হোসেন, মহানগর ছাত্রলীগের আহবায়ক জিয়াউর রহমান জিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে করা হয়, সশস্ত্র হামলাকারীরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এতে চারটি টেবিল, ১০০ চেয়ার, ২০ হাজার সদস্য সংগ্রহ ফরম, ২২ ইঞ্চি রঙিন টেলিভিশন, আলমিরাসহ বিভিন্ন আসবাবসহ অন্তত তিন লাখ টাকার মাল নষ্ট হয়েছে। মামলা দায়েরের কথা স্বীকার করে কোতয়ালি মডেল থানার ওসি মো. শাহেদুজ্জান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখনো কাউকে আটক করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৫ ঘ.