২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে মার্কিন সরকারের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন প্রচেষ্টায় মার্কিন সরকারের অব্যাহত সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2009, 12:12 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন প্রচেষ্টায় মার্কিন সরকারের অব্যাহত সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র থেকে ফিরে বৃহস্পতিবার মরিয়ার্টি প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ সমর্থন কামনা করেন। দেশে মার্কিন বিনিয়োগ আরো বেশী বাড়ানোর জন্য ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মরিয়ার্টির প্রতি আহবানও জানান শেখ হাসিনা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব মাহবুবুল হক শাকিল বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন ও মার্কিন বিনিয়োগ বাড়াতে যুক্তরাষ্ট্র সরকারের অব্যাহত সমর্থন চেয়েছেন।" শাকিল বলেন, বাংলাদেশে দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারের নেওয়া পদক্ষেপ ও কার্যক্রম সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তর গভীরভাবে আশাবাদী। তিনি জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক অঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন মরিয়ার্টি। মার্কিন রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে শাকিল বলেন, "খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এছাড়াও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে সরকারের ভূমিকা মার্কিন পররাষ্ট্র দপ্তরে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।" মানুষকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তি দেওয়াই মানবাধিকার নিশ্চিতের প্রথম ধাপ বলে মন্তব্য করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আব্দুল করিম ও সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং ঢাকাস্থ আমেরিকান সেন্টারের পরিচালক লরেন লাভলেস এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এইচএ/১৮০০ ঘ.