বরগুনা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই গ্র"পের কর্মীদের হাতাহাতি এবং ধাওয়া পাল্টা ধাওয়ার কারণে সোমবার সকালে বরগুনা বিএনপি'র সভা পণ্ড হয়ে গেছে।
পরে দলের একাংশ জেলা কমিটির আহ্বায়কের অপসারণের দাবি জানিয়ে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। বিকেলে পাল্টা সংবাদ সম্মেলন করেন আহ্বায়ক।
জেলা বিএনপি নেতারা জানান, সকাল ১০টায় দলের কার্যালয়ে উপজেলা ও জেলার সম্মেলন প্রস্তুতি সভা শুরু হয়। কিছুক্ষণ পরেই আহ্বায়ক সাবেক সাংসদ মতিয়ার রহমান তালুকদার এবং যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লার সমর্থকদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে সভা পণ্ড হয়ে যায়।
এই ঘটনার পর দুপুরে মাহবুবুল আলমের নেতৃত্বে জেলা কমিটির সাত যুগ্ম আহবায়কসহ অর্ধ শতাধিক নেতাকর্মী প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করেন।
তারা মতিয়ার রহমান তালুকদারকে 'মানসিক ভারসাম্যহীন' ও 'জনবিচ্ছিন্ন' হিসেবে অভিহিত করে আহ্বায়কের পদ থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি দাবি জানান।
মতিয়ার রহমান বাদ না দেওয়া পর্যন্ত কোন সম্মেলন হবে না বলেও তারা ঘোষণা করেন।
বিকেলে মতিয়ার রহমান পাল্টা সংবাদ সম্মেলন করে বলেন, বহিরাগতরা সভা পণ্ড করে দিয়েছে।
তিনি আরো বলেন, অগণতান্ত্রিকভাবে কেউ কিছু দাবি করলে তা পূরণ করা যায় না। কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্ধারিত হওয়া উচিত বলে তিনি মনে করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৩ ঘ.
bdnews24