রংপুর, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রায় একমাস আগে রংপুর বিএনপির আহ্বায়ক আশরাফ হোসেনের পদত্যাগের বিষয়টি নেতাকর্মীরা জানালেও তখন তিনি কৌশলে এড়িয়ে যান। এবার সাংবাদিকদের ডেকে পদত্যাগের কথা জানালেন তিনি।
রোববার বিকেল সাড়ে ৪টায় রংপুর শহরের গুপ্তপাড়া মহল্লার বাসায় আশরাফ হোসেন সাংবাদিকদের জানান, তিনি আগের দিন (শনিবার) পদত্যাগপত্র দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার কাছে পাঠিয়েছেন।
দলীয় নেতাদের সহযোগিতা পাচ্ছেন না এই অভিযোগ এনে আশরাফ হোসেন গত ২৫ সেপ্টেম্বর পদত্যাগ করেছেন বলে কয়েকজন নেতা জানিয়েছিলেন।
জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সালেকুজ্জামান সালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওই দিন বলেছিলেন, আশরাফ হোসেন (বড়দা) তাকে বলেছেন যে তিনি পদত্যাগ করেছেন।
আশরাফ হোসেন তার পদত্যাগের বিষয়টি জানিয়ে লিখিত বক্তব্য দিয়েছেন।
সাংবাদিকদের দেওয়া এই বক্তব্যে বলা হয়, নির্বাচনের পর দলকে পূর্নগঠিত এবং এর ভাবমূর্তি ফিরিয়ে আনতে তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন। তার এই চেষ্টা দলের সহকর্মীদের অনেকের পছন্দ হয়নি। এই অবস্থায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
দলকে পুনর্গঠিত করার চেষ্টা সহকর্মীদের পছন্দ হয়নি- এর ব্যাখ্যা জানতে চাইলে আশরাফ হোসেন সাংবাদিকদের বলেন, "দলের কিছু নেতা আমাকে সহায়তা করার পরিবর্তে অসহযোগিতা করছেন। আমি অনেকের অবৈধ আবদার রক্ষা করিনি বলে তাদের বিরাগভাজন হয়েছি।"
রংপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠিত হওয়ার পর থেকে দলের নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। ফলে সাংগঠনিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দেয়।
আহ্বায়কের পদত্যাগের ব্যাপারে কমিটির সদস্য আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তার অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিলো।"
তবে যুগ্ম আহবায়ক সইফুল ইসলাম কোন মন্তব্য করতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৫ ঘ.
bdnews24