ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদ ফজলে নূর তাপসের গাড়িতে বোমা হামলা মামলায় গ্রেপ্তার কামরুল হক স্বপন এবং ফ্রিডম পার্টির কর্মী আব্দুর রহিমকে আবার চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আকবর হোসেন দুজনকেই আবারো জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।
আট দিন পুলিশ রিমান্ড শেষে দুজনকে শনিবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিকেল পৌনে চারটায় একেএম এমদাদুল হক রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদন বাতিল করে অভিযুক্তদের জামিন চান স্বপনের আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার। কিন্তু আদালত তা নাকচ করে দেন।
রিমান্ড আবেদনে বলা হয় তাপসের গাড়িতে হামলার ব্যাপারে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার শুনানিতে বলেন, এটি দায়সারা গোছের গতানুগতিক রিমান্ড আবেদন। পুলিশ আসল অপরাধীদের না খুঁজে পেয়ে আমাদের নিয়ে টানাহেচড়া করেন।
২১ অক্টোবর সাংসদ তাপসের ওপর বোমা হামলার পরদিন বঙ্গবন্ধু মামলার ফাঁসির আসামি শরিফুল হক ডালিমের ভাই স্বপনকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে দায়ের করা মামলায় তাপস অভিযোগ করেছেন, বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের স্বজন ও তাদের সহযোগীরা মামলার রায় ভিন্ন খাতে প্রবাহিত এবং দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য হত্যার উদ্দেশ্যে এ বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। বঙ্গবন্ধু পরিবারের সদস্য তাপস এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অন্যতম।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পাশাপাশি তাপসের বাবা শেখ ফজলুল হক মনি এবং মা আরজু মনিকেও হত্যা করা হয়। মনি শেখ মুজিবুর রহমানের ভাগ্নে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এসকে/১৬০৯ঘ.
bdnews24