ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি দল জাতীয় সংসদকে বিরোধী দলের চরিত্রহননের স্থানে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
সরকারি দলের সাংসদ শেখ ফজুলল করিম সেলিমসহ দলের নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি শুক্রবার সাংবাদিকদের একথা বলেন।
দেলোয়ার বলেন, ''সরকার সংসদকে অকার্যকর সংসদে পরিণত করে ফেলেছে। তারা সংসদকে বিরোধী দলের বিরুদ্ধে কুৎসা রটনা, গালিগালাজ ও চরিত্রহননের স্থানে পরিণত করেছে। সেজন্য শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়াসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অব্যাহতভাবে মিথ্যা ও বানোয়াট কল্পকাহিনী একের পর এক তারা রচনা করছে সংসদে।"
দুপুরে পুরান ঢাকার আর্মানিটোলার বাসভবন থেকে নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার প্রাক্কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
২১ আগস্টের গ্রেনেড হামলা ও সাংসদ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলায় খালেদা জিয়া জড়িত রয়েছে বলে বৃহস্পতিবার সংসদে শেখ ফজুলল করিম সেলিম অভিযোগ করেন।
সেলিমের ওই অভিযোগের জবাবে দেলোয়ার বলেন, "সরকারি দলের এমপি'র এই মিথ্যা-বানোয়াট বক্তব্য থেকে প্রমাণিত হচ্ছে সরকার বিএনপিকে ধ্বংস করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এভাবে কল্পকাহিনী সাজিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। দেশের মানুষ সরকারের সব কৌশল বুঝে ফেলেছে। ''
তিনি সংসদকে অকার্যকর করার জন্য সরকারি দলকে সরাসরি দায়ী করে বলেন, বিএনপি কেন সংসদে যাচেছ না, তা আজ জনগণের কাছে পরিস্কার হয়ে গেছে। সরকারি দল সংসদকে তাদের দলীয় কার্যালয়েই পরিণত করেনি, এখানে বিরোধী দলের নেতাদের চরিত্রহনন এবং মিথ্যা-বানোয়াট সব কাহিনী রচনা করা হয়।
আওয়ামী লীগ এক দলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠা করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, '' তারা কখনোই গণতন্ত্র বিশ্বাস করে না। বাকশাল প্রতিষ্ঠা করে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। এরশাদ জোর করে ক্ষমতা দখল করে সামরিক আইন জারি করার সময় শেখ হাসিনা বলেছিলেন, 'আই অ্যাম নট আনহ্যাপি'। অর্থাৎ, তারা স্বৈরতন্ত্রকে সমর্থন করেছিল, সেটা বাকশালী কায়দায় হোক বা সামরিক শাসকদের সমর্থন করেই হোক।''
তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন,''দমন-পীড়ন করে বিএনপির কন্ঠ রোধ করা যাবে না। দেশের মানুষ আপনাদের সব কিছু বুঝে গেছে। দমনের পথ ছেড়ে মানুষের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন করুন। আমরা আপনাদের সহযোগিতা করতে চাই।''
সবক্ষেত্রে সরকারের ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি অন্যত্র সরিয়ে নিতেই বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে সরকারি দল অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেন দেলোয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৬৩৫ ঘ.
bdnews24