সাভার, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারে বিএনপি'র প্রতিবাদ সমাবেশ হামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ চলাকালে আওয়ামী লীগ সমর্থক হকার্সলীগের নেতাকর্মীদের হামলায় পৌরসভার মেয়রসহ বিএনপির ও এর অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী আহত হন।
হামলাকারীরা সমাবেশের মঞ্চ ভাঙচুর করে। হামলার পর বিকেলে হকার্স লীগ কর্মীরা সাভার বাজার বাসস্ট্যান্ডে ১৫-২০ গাড়ি ভাঙচুর করে।
হামলায় আহতদের মধ্যে আছেন- সাভার পৌর বিএনপি'র সভাপতি ও পৌর মেয়র মোহাম্মদ রেফাত উল্লাহ, ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল আহসান রাশেদ, সাভার থানা ছাত্রদলের সভাপতি আইয়ুব খান, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু, বেসরকারি টেলিভিশন এনটিভি'র সাভার প্রতিনিধি ও আমাদের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার জাহিদুর রহমান এবং আরটিভি'র সাভার প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া।
আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সাংবাদিক জাহিদুর রহমানকে ভর্তি করা হয়েছে রাজধানীর স্কয়ার হাসপাতালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করার প্রতিবাদে দুপুর ৩টায় পৌর বিএনপি'র উদ্যোগে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় খসরু বাগানে প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা ছিল বিএনপি'র নেতা সাবেক মন্ত্রী নাজমুল হুদার।
অন্যদিকে সাংসদ ফজলে নূর তাপসের উপর বোমা হামলার প্রতিবাদে সাড়ে ৩টায় বাংলাদেশ হকার্স লীগ সাভার শাখা সাভার বাজার বাসস্ট্যান্ডের রাজ্জাক প্লাজার সামনে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।
বিক্ষোভ মিছিলটি খসরু বাগানে বিএনপি'র প্রতিবাদ সমাবেশের পাশ দিয়ে যাওয়ার সময় হকার্স লীগের নেতাকর্মীরা হামলা চালায়।
তারা মঞ্চ ভাঙচুর এবং সমাবেশস্থলের চেয়ার ভাঙচুর করে। গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতংক। ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মূহূর্তের মধ্যে এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে যায়।
খবর সংগ্রহ করতে গেলে হকার্স লীগ কর্মীরা সাংবাদিক জাহিদুর রহমান ও জিয়াউর রহমান জিয়ার ওপর হামলা চালায়।
এনাম মেডিকেল কলেজ হাসাপাতালে সাভার পৌর বিএনপি'র সভাপতি মোহাম্মদ রেফাত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের এ সমাবেশ ছিল পূর্ব ঘোষিত। সমাবেশে সাবেক মন্ত্রী নাজমুল হুদার বক্তব্য রাখার কথা ছিল। তার জন্য বিএনপি নেতাকর্মীরা অপেক্ষা করছিলেন। তিনি বাগান বাড়ির একটি কক্ষে বসা ছিলেন।
তিনি বলেন, আচমকা হকার্স লীগের শতাধিক নেতা-কর্মী সমাবেশস্থলে হামলা চালায়। তারা মঞ্চ ভাঙচুর করে। এছাড়া বিএনপি কার্যালয়েও ভাঙচুর চালায়। ভাঙচুরের সময় মুখে ভাঙা কাচের টুকরো এসে লাগলে তিনি জখম হন।
তিনি দাবি করেন, এ হামলায় তাদের শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। যাদের অনেককেই বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সাভার থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান ও আব্দুল আজিজ জানান, হামলা ও ভাঙচুরের ঘটনা অস্বীকার করে বলেন, এখানে কিছুই হয়নি। এ নিয়ে কথা না বলার পরামর্শ দেন তারা।
আহত সাংবাদিক জাহিদুর রহমান জানান, বিএনপির মঞ্চ ভাঙচুরের সময় দায়িত্ব পালন করতে গেলে আওয়ামী লীগের লোকজন আচমকা তার উপর হামলা চালায়।
তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। তার ভিডিও ক্যামেরা মহাসড়কে আছাড় দিয়ে ভেঙে দিয়েছে।
এ ব্যাপারে কথা বলার জন্য হকার্স লীগের সাভার শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
হামলার ঘটনার পর বিকেল সাড়ে ৪টার দিকে সাংসদ তাপসের ওপর বোমা হামলার প্রতিবাদে হকার্স লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।
ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিলটি সাভারবাজার বাসস্ট্যান্ডে এসে কয়েকবার চক্কর দেয়। এ সময় মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট।
মিছিলে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রোকেয়া হক, ঢাকা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তুহিন, সাভার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রানা, হকার্স লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, হকার্স লীগ নেতা কাদের মোল্লা, বিল্লাল হোসেন প্রমুখ।
বিকেল সোয়া ৫টার দিকে হকার্স লীগ কর্মীরা সাভার বাজার বাসস্ট্যান্ডে ১৫-২০টি যানবাহনের কাচ ভাঙচুর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১০ ঘ.
bdnews24