ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের নেতাকর্মীদের মুখ বন্ধ রাখতে সরকার নতুন করে মামলা সাজিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। সরকার বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ করেছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে নতুন করে মামলা দায়েরের প্রতিবাদে বৃহস্পতিবার দলের নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি যৌথসভা শেষে সংবাদ ব্রিফিংয়ে দেলোয়ার এ সব অভিযোগ করেন।
এ সময় তিনি জানান, দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে 'মিথ্যা' মামলা দায়েরের প্রতিবাদে শনিবার বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ হবে।
গত ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় তারেক রহমান ও তার বন্ধু বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে ২০ কোটি টাকা পাচারের একটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেকের বিরুদ্ধে ১২টি মামলা হয়। সব মামলায় জামিন নিয়ে চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে যান। এখনও সেখানেই রয়েছেন তিনি।
সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব বলেন, "প্রমাণ থাকুক বা না থাকুক, বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। তাদের মুখ বন্ধ রাখতে নতুনভাবে মামলা সাজাচ্ছে সরকার। এভাবে নির্যাতন করে বিএনপিকে স্তব্ধ করা যাবে না।"
সরকার বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ করছে অভিযোগ করে তিনি বলেন, "সরকারের অ্যাটর্নি জেনারেল হাইকোর্টের বিচারককে ধমক দিয়ে বিচারকে প্রভাবিত করছেন। এটা আইনের শাসনের পরিপন্থী। এভাবে সরকার হস্তক্ষেপ করলে আদালত স্বাধীনভাবে কাজ করতে পারে না, পারছে না।"
আওয়ামী লীগ সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে বিরোধী দলের ওপর নির্যাতন চালাচ্ছে মন্তব্য করে দেলোয়ার বলেন, "ক্ষমতায় যাওয়ার আগে তারা কথা দিয়েছিল, রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করে নেবে। কিন্তু দেখা গেল, কেবল সরকারি দলের নেতাকর্মীদের মামলাগুলো প্রত্যাহার করে নিচ্ছে।"
বিরোধী দলের কোনো মামলাই প্রত্যাহার করা হয়নি দাবি করে তিনি বলেন, "তারেক রহমানের একটি মামলা প্রত্যাহারের যে কথা বলা হচ্ছে, তা-ও লোকদেখানো প্রত্যাহার। জনগণকে বিভ্রান্ত করতে সরকারের এটি আইওয়াশ।"
খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের বদলে নতুন করে মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
দুদকের দায়ের অর্থ পাচার মামলার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, "নতুন আরেকটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে।
বিরোধী দলের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের সম্পর্কে দেলোয়ার বলেন, "আওয়ামী লীগ তাদের পূর্বসূরি তত্ত্বাবধায়ক সরকারের মতোই বিএনপির নেতাদের বিরুদ্ধে নতুন মামলা দিচ্ছে। তারা বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।"
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে রিমান্ডে নেওয়া সম্পর্কিত প্রশ্নের জবাবে সাবেক এই প্রধান হুইপ বলেন, "নতুন করে মামলায় জড়াতেই এটা করা হচ্ছে। উদ্দেশ্য একটাই
bdnews24