২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবরের রিমান্ড: হাইকোর্টের আদেশ স্থগিত

২১ আগস্ট মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে কারাফটকে জিজ্ঞাসাবাদে হাইকোর্টের দেওয়া আদেশ সাত দিনের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি। ফলে জিজ্ঞাসাবাদের জন্য বাবরকে হেফাজতে নিতে পুলিশের আপাতত আর বাধা থাকল না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2009, 10:24 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে কারাফটকে জিজ্ঞাসাবাদে হাইকোর্টের দেওয়া আদেশ সাত দিনের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি। ফলে জিজ্ঞাসাবাদের জন্য বাবরকে হেফাজতে নিতে পুলিশের আপাতত আর বাধা থাকল না। বাবরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার হাকিম আদালত বুধবার পুলিশকে পাঁচ দিন সময় দেয়। তবে এর পরপরই হাইকোর্ট বাবরকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়। সরকার পক্ষের আবেদনে বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন হাইকোর্টের আদেশ সাত দিনের জন্য স্থগিত করেন। আদালতে শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, "অভিযুক্তের রিমান্ডের আদেশের আগেই হাইকোর্টে আবেদন করা হয়েছিল। তা ছিল একটি প্রিম্যাচিওর আবেদন।" তিনি বলেন, "লুৎফুজ্জামান বাবরকে আগেও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছিল। ২১ আগস্টের গ্রেনেড হামলার তদন্তের স্বার্থেই তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।" এর বিরোধিতা করে বাবরের কৌঁসুলি খন্দকার মাহবুব হোসেন বলেন, অভিযুক্ত গুরুতর অসুস্থ। রিমান্ডে নেওয়া হলে তার জীবন বিপন্ন হতে পারে। বুধবার হাইকোর্টের আদেশ হাকিম আদালতে গেলে হাকিম এহসানুল হক রিমান্ড আদেশের কার্যকারিতা ১ নভেম্বর পর্যন্ত স্থগিতের আদেশ দেন। আপিল বিভাগের স্থগিতাদেশের পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা সাংবাদিকদের বলেন, অভিযুক্তকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছিল, হাইকোর্টের আদেশে আবার ফেরত আনা হয়। এখন আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করেছে। আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদেশ সংশ্লিষ্ট (হাকিম) আদালতে গেলে ওই আদালত তাকে রিমান্ডে নেওয়ার কার্যকারিতা যে স্থগিত করেছিল, তা প্রত্যাহার করবে। ২১ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কাহহার আকন্দ জিজ্ঞাসাবাদের আবেদনে বলেন, মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা, আলামত নষ্ট এবং গ্রেনেড সরবরাহে সম্পৃক্ততার বিষয়ে বাবরকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। বাবরকে গত সোমবার ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ঘটনার সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এ মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। একটি অস্ত্র মামলায় গত ৫ মার্চ আত্মসমর্পণের পর বাবরকে কারাগারে পাঠায় আদালত। ওই মামলায় বিচারিক আদালতে তার ১৭ বছর কারাদণ্ডাদেশ হয়। ২১ আগস্ট মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জন আসামি। ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৪ জন নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৬১৫ ঘ.