ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিজেদের হেফাজতে নিতে পারছে না পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে কারাফটকে।
ঢাকার হাকিম আদালত বুধবার বাবরকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তাকে পাঁচ দিন সময় দিলেও পরে হাইকোর্ট কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়।
বাবরের আবেদনে বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইস উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়।
আদেশের পর বাবরের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, "২১ আগস্ট মামলায় বাবরকে প্রয়োজনে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ আদেশের পর তাকে (বাবর) পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে না।"
শুনানিতে খন্দকার মাহবুব হোসেন বলেন, "বাবর গুরুতর অসুস্থ। তাকে পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে। রিমান্ডে নেওয়া হলে তার ওপর শারীরিক নির্যাতন করা হতে পারে। তাই তাকে প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক।"
রাষ্ট্রপক্ষে এ আবেদনের বিরোধিতা করেন ডেপুটি অ্যার্টনি জেনারেল জাহিদ সারোয়ার কাজল।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কাহহার আকন্দের আবেদনে এর আগে এ মামলায় বাবরকে পাঁচ দিন রিমান্ডের আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এহসানুল হক।
ওই আদালতে বাবরের আইনজীবীরা শুনানি মুলতবির আবেদন জানালেও তা নাকচ হয়।
জিজ্ঞাসাবাদের আবেদনে বলা হয়, মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা, আলামত নষ্ট এবং গ্রেনেড সরবরাহে সম্পৃক্ততার বিষয়ে বাবরকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৪ জন নিহত হয়। হাসিনাকে হত্যাই যে এ হামলার উদ্দেশ্য ছিল, তা পরবর্তী সময়ে জঙ্গিদের স্বীকারোক্তিতে স্পষ্ট হয়েছে।
বাবরকে গত সোমবার ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ঘটনার সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
একটি অস্ত্র মামলায় গত ৫ মার্চ আত্মসমর্পণের পর বাবরকে কারাগারে পাঠায় আদালত। ওই মামলায় বিচারিক আদালতে তার ১৭ বছর কারাদণ্ডাদেশ হয়।
২১ আগস্ট মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জন আসামি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/পিবি/আরএ/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24