ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানকে হেয় করতেই নতুন করে তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন মঙ্গলবার বলেছেন, সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতেই বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করছে।
অর্থ পাচারের অভিযোগে সোমবার তারেকের বিরুদ্ধে একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন।
দেলোয়ার বলেন, "গণবিস্ফোরণ ঠেকাতে সরকার নতুন করে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দিচ্ছে। এভাবে মামলা-হামলা করে বিএনপিকে দমানো যাবে না।"
তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়ার বড় ছেলে তারেকের বিরুদ্ধে মোট ১২টি মামলা হয়। সব মামলায় জামিন নিয়ে চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে যান। এখনও সেখানেই রয়েছেন তিনি।
তারেকের বিরুদ্ধে ২০ কোটি টাকা পাচারের অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন বিএনপি মহাসচিব।
সংগঠুনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে মঙ্গলবার ফুল দেন যুবদল নেতা-কর্মীরা। তাদের সঙ্গে বিএনপি মহাসচিবও ছিলেন। ওই সময় সাংবাদিকদের সঙ্গে তার কথা হয়।
দেলোয়ার বলেন, "আওয়ামী লীগ তাদের পূর্বসূরি তত্ত্বাবধায়ক সরকারের মতোই বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। তারা বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রাজনৈতিক হয়রানিমূলক মামলা যেখানে প্রত্যাহার করার কথা, সেখানে উল্টো সরকার ভিত্তিহীন মামলা সাজাচ্ছে।"
"এসব মামলা দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকা যাবে না", বলেন বিএনপি মহাসচিব।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য নিয়ে করা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মন্তব্যের প্রতিক্রিয়ায় দেলোয়ার বলেন, বিরোধীদলীয় নেতা (খালেদা) সংবিধানবিরোধী কোনও কিছু বলেননি।
তিনি বলেন, "দেশ পরিচালনায় ব্যর্থ সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে সংবিধানবিরোধী কথাবার্তা বলছেন। সৈয়দ আশরাফের কথাও তেমন। ব্যর্থতার কথা বললে সংবিধান কোথায় লঙ্ঘন হলো- তা তারাই বলতে পারবেন।"
শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফুল দেওয়ার সময় ছিলেন যুবদল সভাপতি বরকতউল্লাহ বুলু, সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহসভাপতি মিয়া মোহাম্মদ সেলিম, কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক খায়রুল কবীর খোকন, মোরতাজুল করীম বাদরু, মাহবুবুল হক নান্নু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩২৫ ঘ.
bdnews24