ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইকবাল হাসান মাহমুদ টুকুর মামলায় সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের দাখিল করা ওকালতনামা বৈধ বলে রায় দিয়েছে আদালত।
টুকুর আবেদন খারিজ করে ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতের বিচারক এসএম সাইফুল ইসলাম মঙ্গলবার ওকালতনামাটি গ্রহণ করেছেন।
টুকুর অভিযোগ ছিল, ওকালতনামা দাখিলে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
টুকু মঙ্গলবার আদালতে উপস্থিত ছিলেন। তার পক্ষে আইনজীবী ছিলেন মাহবুবউদ্দিন খোকন, তাহেরুল ইসলাম তৌহিদ ও অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার উপস্থিথ ছিলেন।
মইনের পক্ষে ছিলেন আইনজীবী ছিলেন কামরুল হক সিদ্দিকী ও সঞ্জীব কুমার সাহা।
আদালত এ মামলায় মইনের জবাব দাখিলের জন্য আগামী ১৭ নভেম্বর তারিখ ঠিক করেছে।
মানহানির অভিযোগে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এ বছরের ১২ জুলাই মইনের বিরুদ্ধে মামলা করেন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রতিমন্ত্রী টুকু।
এ মামলায় লড়াই করতে মইন তার আইনজীবীদের মাধ্যমে ওকালতনামা দাখিল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24