২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্টের মামলায় বাবরের রিমান্ড শুনানি বুধবার

কারাবন্দী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেছে পুলিশ। সোমবার ঢাকার এক নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এহসানুল হক বুধবার (২৮ অক্টোবর) বাবরের উপস্থিতিতে আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 06:58 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেছে পুলিশ। সোমবার ঢাকার এক নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এহসানুল হক বুধবার (২৮ অক্টোবর) বাবরের উপস্থিতিতে আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন। ২১ আগস্টের মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কাহহার আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বাবরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।" বাবরের জিজ্ঞাসাবাদ আবেদনে বলা হয়, বাবরের সঙ্গে পলাতক অভিযুক্ত তাজউদ্দীনের গোপন ব্যবসায়িক লেনদেনসহ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বর্তমান তদন্তে আব্দুস সালাম পিন্টুকে জিজ্ঞাসাবাদের সময় প্রশাসনিক সহায়তার বিষয়ে তিনি তখনকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সহযোগিতার বিষয় প্রকাশ করেছেন। সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই তাজউদ্দীন। তদন্তে দেখা গেছে, মামলার গুরুত্বপূর্ণ আলামতে 'অবিস্ফোরিত তাজা গ্রেনেড' ব্যবহারকারীর হাতের ছাপ থাকার যথেষ্ট সম্ভাবনা ছিল। কিন্তু ঘটনার রাতেই আইনের স্বাভাবিক নিয়ম অনুসরন না করে দ্রুতগতিতে তা ধ্বংস করা হয়েছে। তখনকার প্রশাসন ইচ্ছাকৃতভাবে এটা করে। এতে আরও বলা হয়, এ মামলাটি তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলের আধীন ছিল। ওই সেলে বাবর নিজে উপস্থিত থেকে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন। এ কারণে জজ মিয়াসহ আরও কয়েকজন নির্দোষ ব্যক্তিকে এ মামলায় গ্রেপ্তার করা হয়। তাদের ভয়ভীতি দেখিয়ে জোর করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়। আর এটা বাবরের তত্ত্বাবধানে ও জ্ঞাতসারেই করা হয়। এছাড়া সাক্ষ্য-প্রমাণে জানা যায়, গ্রেনেড সরবরাহে বাবরসহ আরও কয়েক আসামি জড়িত ছিল বলে আবেদনে বলা হয়। মুফতি হান্নানকে জিজ্ঞাসাবাদেও বাবরের সংশ্লিষ্টতা পাওয়া গেছে উল্লেখ করে এতে বলা হয়, এ কারণে মামলায় ব্যবহত গ্রেনেড সংগ্রহ, সরবরাহ ও মদদদান সম্পর্কে আরও তথ্য সংগ্রহসহ জড়িত অন্যদের চিহ্নিত করার জন্য বাবরকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ হেফাজতে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা জরুরি। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলার এ মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জন আসামি। ওই হামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৪ জন নিহত হয়। দলের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাই যে এ হামলার উদ্দেশ্য ছিল, তা পরবর্তী সময়ে জঙ্গিদের স্বীকারোক্তিতে স্পষ্ট হয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। গত ৫ মার্চ অস্ত্র মামলায় আত্মসমর্পণের পর বাবরকে কারাগারে পাঠায় আদালত। এ মামলায় আদালত তাকে ১৭ বছর কারাদণ্ড দিয়েছিল। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৩ জুন বাবরের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে রাজধানীর গুলশান থানায় অস্ত্র মামলা হয়। একই বছরের ৩০ অক্টোবর ঢাকার মহানগর নয় নম্বর বিশেষ ট্রাইবুন্যাল আদালতে বিচারক বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন। যৌথবাহিনী ২০০৭ সালের ২৮ মে বাবরের গুলশানের বাসার শোবার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/পিবি/আরএ/জিএনএ/১৫৪২ ঘ.