২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী বছরের শুরুতে সরকারবিরোধী আন্দোলন: নিজামী

সরকারের দশ মাসের বিভিন্ন কাজের সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী বলেছেন, আগামী বছরের শুরুতে তারা সরকারবিরোধী আন্দোলনে নামবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 03:06 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

পাবনা, ২৬ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারের দশ মাসের বিভিন্ন কাজের সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী বলেছেন, আগামী বছরের শুরুতে তারা সরকারবিরোধী আন্দোলনে নামবেন। তিনি বলেন, "সরকার দেশ ও জনগণের স্বার্থবিরোধী পদক্ষেপ নেওয়া থেকে বিরত না থাকলে আগামী বছরের শুরুতেই মানুষ রাজপথে নামতে বাধ্য হবে।" সোমবার বিকেলে পাবনার বেড়া উপজেলায় আল হেরা একাডেমি মিলনায়তনে উপজেলা জামায়াতের প্রতিনিধি সম্মেলনে নিজামী এই কথা বলেন। তিনি বলেন, "সরকারের ১০ মাস হতে চলছে। ১০ মাসের কার্যক্রমই বোঝা যায় বাকি দিনগুলো এর চেয়ে আরো খারাপ যাবে।" নিজামী অভিযোগ করেন, "তারা (সরকার) আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনে ব্যর্থ হয়েছে। চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি, রাহাজানী বেড়েই চলছে। আর এসবের সঙ্গে জড়িত শাসক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।" তিনি বলেন, "এশিয়ান হাইওয়ের নামে ভারতকে একতরফা করিডোর দেওয়ার যে চেষ্টা করা হচ্ছে, তাতে বাংলাদেশের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।" উপজেলা জামায়াতের আমির আবদুল বাসেত খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন- দলের ঢাকা মহানগীর কর্মপরিষদ সদস্য এ কে এম রফিকুন্নবী, পাবনা জেলা সেক্রেটারি আবু তালেব মণ্ডল, উপজেলা নায়েবে আমির মাওলানা আবু দাউদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০২ ঘ.