২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবরের রিমান্ড শুনানি বুধবার

কারাবন্দী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 09:42 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেছে পুলিশ। সোমবার ঢাকার এক নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এহসানুল হক বুধবার (২৮ অক্টোবর) বাবরের উপস্থিতিতে আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন। ২১ আগস্টের মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কাহহার আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বাবরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।" ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলার এ মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জন আসামি। ওই হামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৪ জন নিহত হয়। দলের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাই যে এ হামলার উদ্দেশ্য ছিল, তা পরবর্তী সময়ে জঙ্গিদের স্বীকারোক্তিতে স্পষ্ট হয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। গত ৫ মার্চ অস্ত্র মামলায় আত্মসমর্পণের পর বাবরকে কারাগারে পাঠায় আদালত। এ মামলায় আদালত তাকে ১৭ বছর কারাদণ্ড দিয়েছিল। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৩ জুন বাবরের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে রাজধানীর গুলশান থানায় অস্ত্র মামলা হয়। একই বছরের ৩০ অক্টোবর ঢাকার মহানগর নয় নম্বর বিশেষ ট্রাইবুন্যাল আদালতে বিচারক বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন। যৌথবাহিনী ২০০৭ সালের ২৮ মে বাবরের গুলশানের বাসার শোবার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/পিবি/আরএ/