ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত ইসলামী সংগঠন হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক ও মুখপাত্র মহিউদ্দীন আহমেদকে অনির্দিষ্টকালের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক বৈঠকে ক্যাম্পাসের স্থিতিশীলতা ও শান্তি রক্ষার জন্য ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক মহিউদ্দীনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ২২ অক্টোবর হিযবুত তাহরীরের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশে জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করে সরকার এ সিদ্ধান্ত নেয়। পরদিন পুলিশ তাদের একটি সংবাদ সম্মেলনও পণ্ড করে দেয়। রোববার সংগঠনটির রাজধানীর পুরানা পল্টনের প্রধান কার্যালয় ও সিলেট কার্যালয়ের মালামাল জব্দ করা হয়।
সিন্ডিকেট সদস্য আবুল কালাম আজাদ ও সাদেকা হালিম বৈঠক থেকে রাত ১০ টায় মোবাইলফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মহিউদ্দীনকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সন্ধ্যা সাড়ে সাতটায় বৈঠক শুরু হয়ে রাত ১১ টায় শেষ হয়।
বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকদের বলেন, "বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিস্তারিত আলাপ-আলোচনার পর মহিউদ্দীনকে ছুটিতে পাঠানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
"এক্ষেত্রে তিনটি বিষয় বিবেচনায় রাখা হয়েছে। তা হলো- পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদন, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততা এবং তার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের মনোভাব। এগুলো নিয়ে আলোচনার পর ক্যাম্পাসের স্থিতিশীলতা ও শান্তি রক্ষার জন্য তাকে ক্যাম্পাসের বাইরে রাখার সিদ্ধান্ত হয়।"
হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত অন্য শিক্ষকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে উপাচার্য বলেন, "এ ব্যাপারে সরকারও অনুসন্ধান চালাচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও অনুসন্ধান করে পরে সিদ্ধান্ত নেবে।"
তবে মহিউদ্দীনের বিষয়ে নেওয়া এ সিদ্ধান্ত ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হবে না জানিয়ে উপাচার্য বলেন, "আমরা মনে করছি, বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য তাকে বাইরে রাখা প্রয়োজন, তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
পরে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এ সিদ্ধান্ত রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে না বলেও জানান উপাচার্য।
হিযবুত তাহরীর ২০০১ সালে বাংলাদেশে প্রথম কার্যক্রম শুরু করে। এরপর থেকেই তারা প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছিলো।
২০০৭ সালে মহিউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, বাংলাদেশে তাদের কর্মী সংখ্যা এক হাজারের মতো। আর সমর্থক ১০ হাজারের বেশি।
তখন তিনি আরও বলেছিলেন, "আমরা প্রচলিত নির্বাচন ব্যবস্থা সমর্থন করি না। কারণ, এর মাধ্যমে শুধু নেতৃত্বের পরিবর্তন হয়। কিন্তু সরকার ব্যবস্থা বা আদর্শিক কোনও পরিবর্তন হয় না। এ কারণে জনগণকে সম্পৃক্ত করে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন করতে হবে।"
উগ্র ধর্মীয় মতবাদের কারণে মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশ, জার্মানি, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তানসহ বিভিন্ন দেশে হিযবুত তাহরীরের নিষিদ্ধ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসএইচ/০০০৭ ঘ.
bdnews24