ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদ ফজলে নূর তাপস হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার সফিউল্লাহ সফুকেও তিন দিন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
সফুকে শনিবার মধ্যরাতে গ্রেপ্তার করা হয়। তিনি ফ্রিডম পার্টির সদস্য বলে পুলিশ দাবি করলেও পরিবারের লোকজন তা নাকচ করেছে।
তাপসের মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সফুকে নিয়ে চারজনকে গ্রেপ্তার করল। এর মধ্যে দুজন বঙ্গবন্ধু হত্যা মামলার আসামির স্বজন।
গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আকবর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে সেগুনবাগিচা এলাকা থেকে সফুকে গ্রেপ্তার করা হয়।
রোববার দুপুরে তাকে ১০ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। আদালতে রিমান্ডের আবেদন জানান পুলিশ কর্মকর্তা আকবর।
রিমান্ড আবেদনে সফু ফ্রিডম পার্টির সদস্য বলে উল্লেখ করা হয়নি, যদিও গ্রেপ্তারের পর তাকে ফ্রিডম পার্টির সদস্য বলেই পুলিশ তুলে ধরে।
আদালতে রিমান্ড আবেদনের বিরোধিতা করে সফুর জামিন চান অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, "সফুকে ষড়যন্ত্র করে এ মামলায় জড়ানো হয়েছে। তিনি সাংসদ তাপসের ওপর হামলায় কোনোভাবেই জড়িত নন। তাকে ফ্রিডম পার্টির সদস্য হিসেবে তুলে ধরা হলেও তিনি ওই সংগঠনের সঙ্গে যুক্ত নন। বরং তার বাড়িতে বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগের (বাকশাল) কার্যালয় রয়েছে। তার পরিবারের সদস্যরাও বাকশালের সঙ্গে যুক্ত।"
শুনানি শেষে হাকিম মো. এহসানুল হক জামিন আবেদন নাকচ করে জিজ্ঞাসাবাদের জন্য সফুকে তিন দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
সফুর ভগ্নীপতি খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সফু পুরানা পল্টন এলাকায় ছাপাখানার যন্ত্রাংশের ব্যবসা করেন। পুরানা পল্টনে তাদের পৈত্রিক বাড়ি।
তিনি বলেন, "সফুকে ফ্রিডম পার্টির সদস্য বলে চালিয়ে দেওয়া হচ্ছে। অথচ এ পরিবারের কেউ ফ্রিডম পার্টি করে না। তারা আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত।"
তাপসের মামলায় এর আগে শনিবার বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির আসামি আব্দুর রশিদের মেয়ে খন্দকার মেহনাজ রশিদকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। আরেক আসামি শরিফুল হক ডালিমের ভাই কামরুল হক স্বপন এবং ফ্রিডম পার্টির সদস্য আব্দুর রহিমকে।
আদালতের অনুমতি নিয়ে গোয়েন্দা পুলিশ ওই তিনজনকেও জিজ্ঞাসাবাদ করছে।
গত বুধবার রাতে মতিঝিলে ঢাকা-১২ আসনের সাংসদ তাপসের গাড়িতে বোমা হামলা হয়। তিনি বেঁচে গেলেও আহত হন ১৩ জন।
পরদিন তাপস মতিঝিল থানায় একটি মামলা করেন। তাতে তিনি অভিযোগ করেন, বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের স্বজন ও তাদের সহযোগীরা তাকে হত্যার জন্য ওই হামলা চালিয়েছে।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশাপাশি তাপসের বাবা ও মাকেও হত্যা করা হয়। তাপসের বাবা শেখ ফজলুল হক মনি বঙ্গবন্ধুর ভাগ্নে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিবি/এমআই/১৭১৭ ঘ.
bdnews24