মাগুরা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগে মাগুরা জেলা বিএনপি আহবায়ক কবীর মুরাদকে অবাঞ্ছিত ঘোষণা করে তার অপসারণ দাবি করেছে ওই কমিটির ৩২ জন নেতা।
শনিবার জেলা বিএনপির এক বর্ধিত সভায় এ দাবি জানানো হয়।
জেলা কমিটির যুগ্ম আহবায়ক মোকাদ্দেস হোসেনের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন- মো. নাজিম উদ্দিন, আমিনুল ইসলাম চান্দু মিয়া, সাখাওয়াত হোসেন, ফারুখ আহম্মেদ বাবুল, খান হাসান ইমাম সুজা, মতিউর রহমান, শেখ শফিক, গোলাম মোস্তফা, আখতার হোসেন, শাহেদ হাসান টগর, কামাল উদ্দিন মাষ্টার, আখতারুজ্জামান প্রমুখ।
সভায় বক্তারা অভিযোগ করেন, কবির মুরাদ জেলা কমিটির আহ্বায়ক নির্বাচিত হওয়ার পর থেকে কমিটির অন্যদের সঙ্গে কোনো আলোচনা না করেই বিভিন্ন ইউনিটে নিজের ইচ্ছামতো লোক দিয়ে কমিটি গঠন করে যাচ্ছেন।
সভায় শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা অভিযোগ করেন, কবির মুরাদ বিভিন্ন সাংগঠনিক কাজের অজুহাতে তার কাছ থেকে দু'বারে নগদ ৪০ হাজার টাকা নিয়েছেন।
কবির মুরাদ জেলা ও পৌর কমিটিতে তার নিজ গ্রাম পারনান্দুয়ালীর ২১ জন নিকটাত্মীয়কে অন্তর্ভুক্ত করেছেন বলে সভায় অভিযোগ করা হয়।
আরও অভিযোগ করা হয়, তার অযোগ্যতা ও অনুপস্থিতির কারণে জেলায় এখনও পর্যন্ত পৌর ওয়ার্ড কমিটি এবং অধিকাংশ ইউনিয়ন কমিটি গঠন করা সম্ভব হয়নি।
এসব অভিযোগ অস্বীকার করে কবির মুরাদ বলেন, তিনি আহ্বায়ক হওয়ার পর থেকে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে একটি পক্ষ তাকে না জানিয়ে জেলা বিএনপির সভা করে আসছে। তবে কমিটির অধিকাংশ নেতা তার সঙ্গে রয়েছেন বলে তিনি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৮ ঘ.
bdnews24