২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সরকারকে মেয়াদের আগেই বিদায় নিতে হবে'

জনগণের আন্দোলনের মুখে সরকারকে মেয়াদের আগেই বিদায় নিতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2009, 03:39 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জনগণের আন্দোলনের মুখে সরকারকে মেয়াদের আগেই বিদায় নিতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, "এ সরকার দিনবদল নয়, মানচিত্র বদলের জন্য কাজ করছে। তাদের বিরুদ্ধে জনগণের আন্দোলন সফল হবেই। সরকারকে তার সময়ের আগেই বিদায় নিতে হবে।" দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে অভিযোগ করে তিনি বলেন, "তারা দিনবদল করতে আসেনি, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে ক্ষমতায় এসেছে। এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।'' "টিপাইমুখ বাঁধ ও করিডোর দেওয়ার জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছে। এভাবে বিদেশীদের কাছে ওয়াদাবদ্ধ হয়েছে আওয়ামী লীগ।" তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, "দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো ওয়াদা পূরণ হতে দেওয়া হবে না। এ জন্য দেশের মানুষ সজাগ রয়েছে।" তার দল বিএনপি কখনোই দেশের স্বার্থ বিকিয়ে দেবে না অঙ্গীকার করে তিনি বলেন, "বিএনপি কখনোই দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার সঙ্গে ছিল না, থাকবে না।" সরকার ও সরকারি দলের বিরুদ্ধে বিচার বিভাগ ও প্রশাসনের দলীয়করণ, টেন্ডারবাজি, দখলবাজির নানা অভিযোগ করে সাবেক প্রধানন্ত্রী বলেন, "দেশের আইন-শৃঙ্খলার কী অবস্থা তা জনগণ বুঝতে পেরেছে। তারা (সরকার) নিজেদের নিরাপত্তা নিয়ে ব্যস্ত। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।" এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক প্রতিবাদ সমাবেশ হয়। দলের জ্যেষ্ঠ নেতা বিচারপতি টিএইচ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ দলের নেতারা বক্তব্য রাখেন। 'বিচার বিভাগের ওপর সরকারের নগ্ন হস্তক্ষেপ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও রিমান্ডে নিয়ে নির্যাতনের' প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম শনিবার দিনব্যাপী কর্মসূচি পালন করে। পরে রাতে আইনজীবী নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করে তাদের দৃষ্টিতে দেশের পরিস্থিতি তুলে ধরেন। এ সময় আইনজীবীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, "সারা দেশে সব পেশার মানুষের বিরুদ্ধে সরকার ও তার দল নির্যাতন চালাচ্ছে। সাংবাদিকরাও আজ নির্যাতনের শিকার হচ্ছে। তারাও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছে।" তিনি অভিযোগ করেন, সরকার একদলীয় শাসনব্যবস্থা বাকশাল পূনঃপ্রতিষ্ঠা করতে চায়। তারা গণতন্ত্র চায় না। সাবেক প্রধানমন্ত্রী সরকারের প্রস্তাবিত শিক্ষানীতিরও সমালোচনা করেন। ৮ ডিসেম্বরই দলের কাউন্সিল হবে জানিয়ে তিনি বলেন, "এ কাউন্সিলের মাধ্যমে দলকে নতুনভাবে সংগঠিত করে আমরা নতুন উদ্যমে দেশের গণতন্ত্র রক্ষায় কাজ শুরু করবো।'' জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অনুষ্ঠানে সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার, শাহজাহান ওমর, আইনজীবী ফোরামের নেতা সানাউল্লাহ মিয়া, নাসির উদ্দিন অসীম, মাসুদ আহমেদ তালুকদার, খুরশিদ আলম, ফেরদৌস আখতার ওয়াহিদা, বদরুল আলম চুন্নু , কবির চৌধুরী প্রমুখ নেতা বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/২১৩৭ ঘ.