২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ হিসেবে বিজয়ী ঘোষণার দাবি হাফিজের

বিগত সাধারণ নির্বাচনে ভোলা-৩ আসনে পরাজিত বিএনপি প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ তাকে বিজয়ী ঘোষণা করার দাবি জানিয়েছেন। এদিকে আদালতের রায়ে পরাজিত নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জসিম উদ্দিন আবারো নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2009, 01:38 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত সাধারণ নির্বাচনে ভোলা-৩ আসনে পরাজিত বিএনপি প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ তাকে বিজয়ী ঘোষণা করার দাবি জানিয়েছেন। এদিকে আদালতের রায়ে পরাজিত নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জসিম উদ্দিন আবারো নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। চলতি সপ্তাহে সুপ্রিম কোর্ট জসিম উদ্দিনের প্রার্থিতা অবৈধ রায় দিলে ভোলা-৩ আসন কার্যত শূন্য হয়ে পড়ে। বৃহস্পতিবার সাংবাদিকদের হাফিজ উদ্দিন বলেন, "নির্বাচন কমিশন এখন দুটি কাজ করতে পারে। সেসময়ের বৈধ তিন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট প্রাপ্তকে বিজয়ী ঘোষণা কিংবা ওই তিন প্রার্থীর মধ্যে আবার নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেওয়া।" বিএনপির সহসভাপতি হাফিজ বলেন, "ভোলা-৩ আসনে উপনির্বাচনের সুযোগ আছে বলে আমার মনে হয়না।" হাফিজ বলেন,'' নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে আমার ওপর ওই সময়ে অবিচার করেছে। আমি তার প্রতিকার চেয়ে আদালতে গিয়ে ন্যায় বিচার পেয়েছি।'' নির্বাচনে পরিকল্পিতভাবে হারানো হয়েছে বলেও অভিযোগ করেন সাবেক মন্ত্রী। এদিকে সর্বোচ্চ আদালতের রায়ে সংসদ সদস্য পদ খুইয়ে ফেলা সাবেক সেনা কর্মকর্তা মেজর জসিম উদ্দিন নির্বাচন কমিশন ও সেনাবাহিনীকে দায়ী করে বলেছেন, "আমি আশা করি 'বিষয়টি' বিবেচনা করা হবে। আমি আবার নির্বাচনে প্রার্থী হতে চাই।" বৃহস্পতিবার দুপুরে ঢাকা রির্পোটার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জসিম উদ্দিন বলেন, তিনি রায়ের বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জসিম উদ্দিন বিএনপি প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদকে প্রায় ১৪ হাজার ভোটে হারিয়ে নির্বাচিত হন। নির্বাচনের ঠিক আগে গত ১৭ ডিসেম্বর মেজর হাফিজ জসিমের মনোনয়নপত্র অবৈধ দাবি করে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। হাফিজের আভিযোগ ছিল, বাধ্যতামূলক অবসর দেওয়ায় জসিম ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে অংশ নিতে পারেন না। কারণ, অবসরের পর পাঁচ বছর পুরো হয়নি। ২০০৯ সালের ২৬ ফেব্র"য়ারি হাইকোর্ট জসিমউদ্দিনের মনোনয়ন অবৈধ ঘোষণা করে রায় দেন। জসিমউদ্দিন পরে ওই রায়ের বিরুদ্ধে গত ১৩ জুলাই রায় পুর্নবিচেনা করার আবেদন জানাতে সুপ্রিম কোর্টে আবেদন করেন। গত ১৮ অক্টোবর সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায় বহাল রেখে আবেদন নাকচ করে দেন। বনানীতে নিজের বাসায় এক সংবাদ ব্রিফিংয়ে ভোলা-৩ আসনের সাবেক সাংসদ অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন সুপ্রিম কোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন,''এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে। আমি রায়ের কপির অপেক্ষায় আছি।'' এদিকে সংবাদ সম্মেলনে সাংসদ জসিম উদ্দিন অভিযোগ করেছেন, ২০০৪ সালে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের জন্য মেজর হাফিজই দায়ী। তিনি বলেন, ''কেবলমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার সম্ভাব্য পদোন্নতির কিছুদিন আগে তিনি(হাফিজ) আমাদের সেনাবাহিনী থেকে অকালীন অবসরে যেতে বাধ্য করেন। এতে তাকে সহায়তা করেন তার বন্ধু 'কর্নেল শহিদ' ও আরো কয়েকজন সেনা কর্মকর্তা।'' এক প্রশ্নের জবাবে জসিম উদ্দিন বলেন, "স্পিকার আসন শূন্য না করা পর্যন্ত আমি সাংসদ হিসেবে আছি। '' সংবাদ সম্মেলনে তার স্ত্রী ফারহানা হকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৯২৪ ঘ.