২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যার আসামিদের সহযোগীরা জড়িত বলে তাপসের মামলায় অভিযোগ

বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বোমা হামলা করা হয়েছে- এ অভিযোগ এনে বৃহস্পতিবার মামলা করেছেন সাংসদ ফজলে নূর তাপস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2009, 12:54 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বোমা হামলা করা হয়েছে- এ অভিযোগ এনে বৃহস্পতিবার মামলা করেছেন সাংসদ ফজলে নূর তাপস। বিকেলে মতিঝিল থানায় দায়ের করা এ মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা না হলেও বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের স্বজন ও সহযোগীরা এ ঘটনায় জড়িত বলে অভিযোগ করা হয়। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মিয়া মামলাটি নথিভুক্ত করার সত্যতা নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বলা হয়, বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের স্বজন ও তাদের সহযোগীরা মামলার রায় ভিন্ন খাতে প্রবাহিত এবং দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য পূর্ব পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে পরস্পর যোগসাজসে হত্যার উদ্দেশ্যে এ বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। বুধবার রাতে মতিঝিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইপো ঢাকা ১২ আসনের সাংসদ তাপসের ওপর বোমা হামলা হয়। এতে তিনি বেঁচে গেলেও আহত হন ১৩ জন। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার চলার সময় তাপসের ওপর এ বোমা হামলার মধ্যে যোগসূত্র রয়েছে বলে অভিযোগ করেছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাপসের বাবা শেখ ফজলুল হক মনি এবং মা আরজু মনিকেও হত্যা করা হয়। শেখ মনি বঙ্গবন্ধুর ভাগ্নে। সুপ্রিম কোর্টে বর্তমানে বঙ্গবন্ধু মামলার যে আপিল শুনানি চলছে, তাতে ব্যারিস্টার তাপস রাষ্ট্রপক্ষের একজন কৌঁসুলি। সাংসদ ফজলে নূর তাপসকে লক্ষ্য করেই বুধবারের বোমা হামলা হয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। এ ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এসকে/১৮৫০ঘ.