২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যার বিচারের সময় তাপসের ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়: সাহারা

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার চলার সময় ফজলে নূর তাপসের ওপর বোমা হামলার মধ্যে যোগসূত্র রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2009, 08:13 AM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার চলার সময় ফজলে নূর তাপসের ওপর বোমা হামলার মধ্যে যোগসূত্র রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের সময় ফজলে নূর তাপসের ওপর বোমা হামলা বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়। বঙ্গবন্ধু হত্যাকারীর দোসররাই এটা ঘটিয়েছে। বুধবার রাতে মতিঝিলে সাংসদ তাপসের গাড়িতে বোমা হামলা হয়। তিনি বেঁচে গেলেও আহত হন ১৩ জন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাপসের বাবা শেখ ফজলুল হক মনি এবং মা আরজু মনিকেও হত্যা করা হয়। শেখ মনি বঙ্গবন্ধুর ভাগ্নে। তাপসের ওপর হামলার ঘটনায় আহতদের দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি সাংবাদিকদের আরও বলেন, "বিষয়টি তদন্তের ব্যাপার রয়েছে। তাছাড়া কী কারণে এ হামলা হলো, তা খতিয়ে দেখতে হবে।" স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন। সাহারা সকাল সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত হাসপাতালে অবস্থান করেন। তিনি বলেন, "এ হামলার বিচার হতেই হবে। হামলাকারীদের ধরার জন্য ঘটনার পরপরই আমি আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দিয়েছে। হামলাকারীরা অবশ্যই ধরা পড়বে, অপরাধীদের শাস্তি পেতেই হবে।" মন্ত্রী তাপসের ওপর হামলাকে ন্যাক্কারজনক অখ্যায়িত করে বলেন, আল্লাহর রহমতে ফজলে নূর তাপস বেঁচে আছেন। সুপ্রিম কোর্টে বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি চলছে। বঙ্গবন্ধু পরিবারের সদস্য ব্যারিস্টার তাপস ওই মামলায় রাষ্ট্রপক্ষের একজন কৌঁসুলি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/এমআই/১৪০০ ঘ.