২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজযাত্রীদের সুবিধা নিশ্চিত করতে যথাসাধ্য চেষ্টা করেছি: হাসিনা

সরকার হজযাত্রীদের যেন কোনো রকম সমস্যা না হয় তা নিশ্চিত করতে যথাসাধ্য চেষ্টা করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2009, 03:50 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার হজযাত্রীদের যেন কোনো রকম সমস্যা না হয় তা নিশ্চিত করতে যথাসাধ্য চেষ্টা করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকালে হজক্যাম্প পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী বলেন, "হজযাত্রীদের যেন কোনো রকম অসুবিধা না হয় তা সরকার নিশ্চিত করবে।" বুধবার বেলা ১২টায় ৫১৮ জন হজযাত্রীকে নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি রওনা হবে। প্রধানমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনায় যাতে কোনো রকম অনিয়ম না হয় সেজন্য তার সরকার সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছে। হজক্যাম্পে আগামীতে লিফ্ট স্থাপনের আশ্বাস দিয়ে শেখ হাসিনা বলেন, "হজ ক্যাম্পে হাজীদের যেন কোনো রকম অসুবিধা না হয় তাও নিশ্চিত করা হবে।" হজযাত্রীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী বলেন, "১৯৮৪ সাল থেকে আমি বেশ কয়েকবার হজ করেছি। আমার আরেকবার হজ করার ইচ্ছা আছে।" যারা হজে যাচ্ছে তাদের দেশের মঙ্গলের জন্য দোয়া করার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আমার ওপর আপনারা রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব দিয়েছেন তা যেন পালন করতে পারি, সেজন্য আপনারা দোয়া করবেন।" 'ইউরোপিয়ান ডেভেলপমেন্ট ডেজ-২০০৯' এ যোগ দিতে প্রধানমন্ত্রী মঙ্গলবার রাতে সুইডেনের রাজধানী স্টকহোমের উদ্দেশে যাত্রা করছেন। ইউরোপীয় ইউনিয়ন এবং ইইউ প্রেসিডেন্সি যৌথভাবে ২২ থেকে ২৪ অক্টোবর এই অনুষ্ঠানের আয়োজন করছে। সফরের বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "বিশ্ব জলবায়ুর প্রভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ুর প্রভাব থেকে কিভাবে বাংলাদেশকে রক্ষা করা যায় তা এই সময় তুলে ধরবো।" প্রধানমন্ত্রী হজ্ব যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এর আগে বক্তব্য দেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী জি এম কাদের এবং ধর্মমন্ত্রী মোঃ শাহজাহান মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী দীপু মণি। এবার ৫৮ হাজার চারশ' ৬৩ জন হজে যাচ্ছেন। এর মধ্যে আট হাজার ৪৩ জন যাচ্ছেন সরকারি উদ্যোগে। হজ যাত্রীদের পরিবহণের জন্য নিজস্ব পাঁচটি উড়োজাহাজের পাশাপাশি বিমান তিনটি বোয়িং ভাড়া করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২১৫০ঘ.