২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার ঘোষণায় আশাহত রাজনৈতিক বিশ্লেষকরা

আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবসের সম্মেলনে খালেদা জিয়ার না যাওয়ার ঘোষণায় আশাহত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এভাবে সবসময়েই বয়কট না করে দলীয় সংকীর্ণতার বাইরে বেরিয়ে এসে সমস্যার সমাধানে আলোচনার রাস্তা খোলা রাখা দরকার বলে মনে করছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2009, 04:17 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবসের সম্মেলনে খালেদা জিয়ার না যাওয়ার ঘোষণায় আশাহত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এভাবে সবসময়েই বয়কট না করে দলীয় সংকীর্ণতার বাইরে বেরিয়ে এসে সমস্যার সমাধানে আলোচনার রাস্তা খোলা রাখা দরকার বলে মনে করছেন তারা। অবশ্য, এসব আনুষ্ঠানিকতার যাওয়া না যাওয়ায় কোনও সুফল আসবে না জানিয়ে কেউ কেউ বলেছেন, বরং বিরোধী দলকে সংসদে ফেরাতে স্পিকারের উদ্যোগ সফল করার ওপর বেশি গুরুত্ব দেওয়া উচিত। শনিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় ওই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার একমঞ্চে উপস্থিত হয়ে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ডাক দেওয়ার কথা ছিলো। তবে শুক্রবার বিকেলে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা বলেন, "বর্তমান পরিস্থিতিতে শনিবারের সম্মেলনে আমাদের পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না।" বিরোধী দলীয় নেতার ঘোষণার পর শুক্রবার রাতে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, "এটা অনভিপ্রেত একটি ঘটনা ঘটল। বেশ কিছুদিন ধরেই সবাই দুই নেত্রীর এই বৈঠকটির দিকে তাকিয়ে ছিল। রাজনীতির কারণে পরস্পরের মধ্যে বিরোধ তো থাকবেই। কিন্তু কোথাও কোথাও কতগুলো ইস্যুতে তাদের এক হওয়া দরকার। না হলে তো দেশ এগোবে না। বিরোধী দলীয় নেত্রীর এভাবে না যাওয়াটা, আমার দৃষ্টিতে ঠিক হলো না।" রাজনৈতিক বিশ্লেষক ও প্রবীণ সাংবাদিক আতাউস সামাদ বলেন, "আমাদের রাজনৈতিক দলগুলোর প্রেক্ষিত ও বর্তমান পরিস্থিতিতে দুই নেত্রী এক টেবিলে খেতে বসলে বা এক বিষয়ে বক্তৃতা করলেই যে তাদের সম্পর্কের উন্নতি হতো, সেটা আশা করা আমার কাছে বাস্তবসম্মত মনে হয় না। অতীতে ১৯৯০ সালে তারা তো এক সঙ্গে আন্দোলনও করেছিলেন। কিন্তু তাতে তো সম্পর্কের উন্নতি হয়নি। খালেদা জিয়া না যাওয়াকে তার দাবি আদায়ের একটি পন্থা হিসেবে নিয়েছেন। সেটা অস্বাভাবিক নয়। তবে শুরুতেই এটা বলে দিলে ভালো হতো। সবসময়েই বয়কট না করে আলোচনার রাস্তাটিও খোলা রাখা দরকার।" ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেনাকুঞ্জের অনুষ্ঠানে দুই নেত্রী তো এক সঙ্গে গিয়েছিলেন। কথাও বলেছেন। তাতে আসলে অবস্থার কি পরিবর্তন হলো? আমরা শেষ পর্যন্ত কী কিছু পেয়েছি? আসলে এসব আনুষ্ঠানিকতায় যাওয়া না যাওয়ায় কিছু আসবে যাবে না। বরং স্পিকার বিরোধী দলীয় নেত্রীকে সংসদে আনার যে উদ্যোগ নিচ্ছেন, আশা করি সেটা সফল হোক। বিগত আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমস্ত দেশবাসী যখন গভীর প্রত্যাশা ও আনন্দের সঙ্গে দুই নেত্রীর একত্রে মঞ্চে উঠার বিষয়টি দেখার জন্য প্রতীক্ষা করছিলো, ঠিক সেই মুহুর্তে বিরোধী দলীয় নেত্রীর এ সিদ্ধান্ত সমগ্র দেশবাসীর মতো আমাকেও আশাহত করেছে। দলীয় সংকীর্ণতা ভুলে তারা দুজন একমঞ্চে উপস্থিত হয়ে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের মতো একটি মহৎ কাজে অংশ নেবেন বলে আমরা আশা করেছিলাম। কিন্তু সেটা আর হলো না।" বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্মেলন শুরু হওয়ার আগে আরও যে কয়েক ঘন্টা সময় রয়েছে এর মধ্যে তার সিদ্ধান্ত পুনঃবিবেচনা করবেন বলেও আশা করছেন সাবেক এ পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এসএইচ/২২০৮ ঘ.