২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের আরও আপসহীন হওয়ার আহ্বান আইনমন্ত্রীর

জনগণের সাংবিধানিক অধিকার, চিন্তা ও কথা বলার স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের আরও সাহসী ও আপসহীন হওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2009, 04:00 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৬ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণের সাংবিধানিক অধিকার, চিন্তা ও কথা বলার স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের আরও সাহসী ও আপসহীন হওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভায় তিনি এ আহবান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, "সংবিধান মানুষের মৌলিক অধিকারের কথা ঘোষণা দেয়। সেই অধিকার বাস্তবায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গণমাধ্যম। এ দায়িত্ব পালনে সাংবাদিকদের আরও সাহসী ও আপসহীন হতে হবে।" তবে এ জন্য গণমাধ্যমকে অবাধে কাজ করার সুযোগ দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রী জানান, সরকার গণমাধ্যমের উপযোগী একটি পরিবেশ গড়ে তুলতে তথ্য অধিকার আইন পাস করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "পুনর্মিলনীতে এসে আমরা স্মৃতি রোমন্থন করার সুযোগ পাই। এর মাধ্যমে সোনালী অতীত জীবন্ত হয়ে ওঠে। ফলে মানুষ সামনের দিনগুলো নিয়ে নতুন স্বপ্ন দেখার সুযোগ পায়।" প্রবীণ সাংবাদিক এ বি এম মুসা বলেন, "সাংবাদিকরা এখন কঠিন সময় পার করছে। কারণ, মিডিয়া এখন ধনী ব্যবসায়ী ও বহুজাতিক কোম্পানির হাতে কুক্ষিগত হয়ে গেছে।" এমন পরিস্থিতিতে সাংবাদিকরা ঐক্য হারিয়ে ফেলায় পেশার উন্নয়নে তাদের সংগ্রামী ভূমিকা দুর্বল হয়ে পড়ছে বলে মন্তব্য করেন প্রবীণ এই সাংবাদিক। অনুষ্ঠানে জাতীয় প্র্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ বলেন, "সাংবদিকতা হচ্ছে, সত্যের সঙ্গে ঘর-সংসার করা। আর এটাই সবচেয়ে কঠিন কাজ।" অ্যাসোসিয়েশনের সভাপ্রধান সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন শেখ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সাখাওয়াত আলী খান, যোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. জাহিদ হোসেন, আমাদের সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান ও সাবেক সাংসদ আখতারুজ্জামান, সংগীত শিল্পী ফকির আলমগীর প্রমুখও বক্তব্য রাখেন। বিকাল ৪টায় বেলুন উড়িয়ে পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করা হয়। আলোচনা সভার পরে স্মৃতিচারণ, বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এসএইচ/২১৫৭ ঘ.