২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরেই বিএনপির জাতীয় কাউন্সিল: খালেদা

আগামী ডিসেম্বরেই দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠান ও পরীক্ষিত নেতা-কর্মীদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 05:45 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ডিসেম্বরেই দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠান ও পরীক্ষিত নেতা-কর্মীদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। গুলশানে তার কার্যালয়ে রাতে স্বেচ্ছাসেবক দলের নবনিযুক্ত সভাপতি হাবিবউন নবী খান সোহেল ও সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু'র নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা নতুন কমিটি গঠনের জন্য দলের নেত্রীকে অভিনন্দন জানাতে গেলে তিনি তাদের উদ্দেশে এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, "আগামী ডিসেম্বরেই বিএনপির কাউন্সিল হবে। অঙ্গসংগঠনগুলোকেও পুনর্গঠন করে নতুনভাবে সংগঠিত করা হবে। দলে কিংবা অঙ্গসংগঠনের যারা নিবেদিত ও পরীক্ষিত নেতা-কর্মী তাদের মূল্যায়ন করতে হবে।'' তিনি দলীয় নেতা-কর্মীদের কথায় নয়, কাজের মাধ্যমে নিজেদের সাংগঠনিক দক্ষতা দেখানোরও আহবান জানান। এসম্পর্কে বিএনপি চেয়ারপারসন বলেন,'' কিছু পাওয়ার জন্য যারা দলে আছেন, কিংবা আসতে চায়, তাদের দলে প্রয়োজন নেই। যারা দলকে ভালোবাসেন, আদর্শ ধারণ করেন, তাদের অবশ্যই মূল্যায়ন করতে হবে।'' খালেদা জিয়া বর্তমান সরকারের ৯ মাসের কর্মকান্ডের ফিরিস্তি দিয়ে বলেন,'' তারা জনগণের কাছে দেওয়া কোনো প্রতিশ্র"তি বাস্তবায়ন করতে পারেনি। বরং দেশের স্বার্থ বিরোধী কাজ করে যাচ্ছে। '' তিনি অভিযোগ করেন, সরকারের ওপর জনগণের আস্থা নেই। মানুষের কর্মসংস্থানের কথা বলে অনেকের কর্মচ্যুতি ঘটিয়েছে তারা। প্রশাসনকে দলীয় করণ করেছে। এসব করে তারা দেশে এক দলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়।'' বিরোধী দলের নেতা আওয়ামী লীগের অপশাসনের চিত্র জনগণের কাছে তুলে ধরার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান। খালেদা বলেন, ''দেশে আইনশৃঙ্খলার অবস্থা ভালো নয়। সর্বত্র চাঁদাবাজি, সস্ত্রাস ও দখলবাজি চলছে। এ সরকার দেশের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তারা মানুষকে রক্ষা করতে পারছে না। কেবল নিজেদের আঁখের গুছানোর কাজে ব্যস্ত রয়েছে।'' এসময় অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল ও সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও বিএনপি নেতা কাজী আসাুজ্জামান বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩৪৫ ঘ.