ঠাকুরগাঁও, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ ও বিএনপির বাইরে বিকল্প বাম মেরুকরণ গড়ে না তুললে দেশের জনগণের মুক্তি আসবে না এবং বার বার স্বৈরাচারের আগমন ঘটবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিপিবি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে দলের কর্মিসভায় তিনি এ কথা বলেন।
সেলিম বলেন, "বড় দু'দলের বাইরে বিকল্প বাম মেরুকরণ গড়ে না তুললে দেশের জনগণের মুক্তি আসবে না। বার বার আগমন ঘটবে স্বৈরাচারের। ক্ষমতা দখল করবে বিশেষ পোশাকধারীরা।"
সিপিবি জেলা শাখার সভাপতি সৈয়দ মেরাজুল হোসেনের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য দিবালোক সিংহ, দিনাজপুর জেলা শাখার সভাপতি আলতাফ হোসেন, ঠাকুরগাঁও শাখার সাধারণ সম্পাদক আকতার হোসেন রাজা প্রমুখ বক্তব্য রাখেন।
সেলিম '৭২ এর সংবিধান পুনর্বহালের দাবি জানান। যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও বাম শক্তিকে ঐক্যবদ্ধ আন্দেলন গড়ে তোলার আহবান জানান তিনি।
জাতীয় স্বার্থে তেল-গ্যাস উত্তোলন করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, "বিদেশিদের হাতে তুলে দিয়ে সমঝোতা করা চলবে না।"
দ্রব্যমূল্যের ঊর্ধগতি রোধে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন সেলিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৮১২ ঘ.
bdnews24