ঢাকা, ৮ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার জ্যেষ্ঠপুত্র তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা এ দাবি জানান।
ডাকসুর সামনে এ সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, "লন্ডনে জলিলের সঙ্গে তারেকের বৈঠকের কথা প্রচার করে আওয়ামী লীগ এক ঢিলে দুই পাখি মারতে চায়। কিন্তু এদেশের জনগণের ভালবাসায় তারেক রহমান আবার ফিরে আসবে।"
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আামিরুল ইসলাম আলীমের পরিচালনায় এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শহীদুল ইসলাম বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক আবদুল মতিন ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ওবায়দুল হক নাসির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসএইচ/২১৩১ ঘ.
bdnews24