২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে টিপাইমুখ পরিদর্শন প্রতিবেদন পেশ

হেলিকপ্টারে করে খুব নিচু দিয়ে পরিভ্রমনকালে টিপাইমুখে কোনো অবকাঠামো দেখতে পায় নি সংসদীয় কমিটি। প্রকল্পের ভাটিতে কোন ব্যারেজ বা অবকাঠামো নির্মাণের কোনরকম প্রস্তুতিও দেখেনি তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 02:07 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--হেলিকপ্টারে করে খুব নিচু দিয়ে পরিভ্রমনকালে টিপাইমুখে কোনো অবকাঠামো দেখতে পায় নি সংসদীয় কমিটি। প্রকল্পের ভাটিতে কোন ব্যারেজ বা অবকাঠামো নির্মাণের কোনরকম প্রস্তুতিও দেখেনি তারা। টিপাইমুখ ড্যাম প্রকল্প এলাকা পরিদর্শনের ওপর সংসদীয় কমিটি প্রণীত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা বলা হয়েছে, "প্রকল্পটি বাস্তবায়নে এখনও কোন প্রাথমিক ভৌত কার্যাদি শুরু হয়নি।" বুধবার প্রতিবেদনটি সংসদে উপস্থাপন করেন পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুর রাজ্জাক। গত ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত পানি সম্পদ মন্ত্রণালয়-সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি আবদুর রাজ্জাক এর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল টিপাইমুখ এলাকা পরিদর্শন করতে ভারত সফর করে। এতে প্রধান বিরোধী দল বিএনপি ও তার শরিক দলের কোন সাংসদ ছিলেন না। বিরোধী দল বিশেষজ্ঞদের নিয়ে কমিটির দাবি করায় তারা ওই প্রতিনিধি দলে যেতে অস্বীকৃতি জানায়। দলটি সফরে যাওয়ার বিএনপি সেটিকে 'একদলীয়' ও 'পিকনিক পার্টি' বলেও আখ্যায়িত করে। সংসদে পেশ করা আট পৃষ্টার প্র্রতিবেদনে প্রকল্পের তথ্য উপাত্ত পরীক্ষা-নিরীক্ষার একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে সমীক্ষা পরিচালনার সুপারিশ করা হয়। এতে বলা হয়, "প্রতিনিধি দলটির সঙ্গে আলোচনাকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা ও বিদ্যুৎমন্ত্রী সুশীল কুমার সিন্ধে নিশ্চয়তা দিয়েছেন, টিপাইমুখ প্রকল্পের আওতায় কোনো 'সেচ কম্পোনেন্ট' নেই। ড্যামের ভাটিতে ফুলেরতল বা অন্য কোন স্থানে ব্যারেজ কিংবা পানি প্রত্যাহারের কোনো অবকাঠামো নির্মাণ করা হবে না। বরাক নদী থেকে কোন পানি প্রত্যাহার করা হবে না।" প্রতিবেদনে আরও বলা হয়েছে, টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্পের বিষয়ে ভারতীয় কর্মকর্তারা প্রতিনিধিদলকে জানিয়েছেন, "প্রকল্পটি শুধু জলবিদ্যুৎ তৈরি ও বন্যার প্রকোপ হ্রাসের জন্য বাস্তবায়ন করা হবে। ড্যামের ভাটিতে পানি প্রত্যাহারমূলক অবকাঠামো নির্মাণ করা হবে না।'' প্রতিবেদনে প্রস্তাবিত টিপাইমুখ ড্যাম প্রকল্পের বিষয়ে ভারতের বিভিন্ন সংস্থার পরিচালিত সমীক্ষার বিষয়বস্তু তুলে ধরে বলা হয়েছে, "প্রকল্প এলাকায় হাইড্রো-মরফোলজিক্যাল ক্ষেত্রে তেমন কোন পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে না। "ভারতীয় কর্তৃপক্ষ প্রথমবারের মতো প্রস্তাবিত টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প সর্ম্পকে অধিকতর তথ্য-উপাত্ত সম্বলিত একটি পুস্তিকা প্রতিনিধিদলকে হস্তান্তর করে।" ভারত প্রয়োজনে আরও তথ্য উপাত্ত দিবে জানিয়ে এতে বলা হয়, "প্রকল্পের হাইড্রোলজিক্যাল, ট্রপোগ্রাফিক্যাল, পরিবেশ, ভূমিকম্প ইত্যাদি বিষয়ে তথ্য-উপাত্ত প্রয়োজনবোধ ভারত বাংলাদেশকে সরবরাহ করবে বলে ভারতীয় পররাষ্ট্র ও বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধিদলকে আশ্বাস প্রদান করেছেন।" প্রতিবেদন টিপাইমুখ ড্যাম প্রকল্প নিয়ে এর আগে পাওয়া তথ্য, বাংলাদেশ প্রতিনিধিদলের পরিদর্শনে পাওয়া তথ্য ও ভবিষ্যতে পাওয়া তথ্য-উপাত্ত পরীক্ষা-নিরীক্ষা করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে সমীক্ষা পরিচালনার সুপারিশ করা হয়। প্রতিনিধিদলটি ৩১ জুলাই ও ১ আগস্ট দুই দফায় প্রকল্প এলাকায় নামতে চাইলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সরেজমিনে পরিদর্শন করতে পারেনি। প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের সাংসদ আব্দুর রহমান, এবিএম আনোয়ারুল হক, জহির হোসেন, জাতীয় পার্টির সাংসদ এবিএম রুহুল আমিন হাওলাদার ও স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম। দলের আরও ছিলেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মনোয়ার হোসেন, ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদুজ্জামান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এমরান আহমেদ। জামায়াতে ইসলামীর সাংসদ হামিদুর রহমান আযাদের নাম থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে তিনি সফরে যাননি। যদিও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, স্বতন্ত্র সদস্যদের মতো বিএনপিকেও দলীয় দুই জন প্রতিনিধির নাম দেওয়ার আহ্বান জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ এসইউএম/কেআরসি/এমএইচসি/এসএইচ/২০০৭ ঘ