সুমন মাহমুদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া বলেছেন, সংসদের ডেপুটি স্পিকারের পদটি বিরোধীদলকে না দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের সামিল।
আসন পুনর্বিন্যাসের সমালোচনা করে সরকারি দল বিরোধীদলের আসন 'কেড়ে নিয়েছে' বলেও অভিযোগ করেছেন তিনি।
এ ছাড়া সংসদে 'দেশের স্বার্থবিরোধী' কোনো কাজ না করতে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, সেরকম কিছু করলে তার প্রতিবাদ করা হবে। প্রয়োজনে রাজপথে যাওয়া হবে।
শনিবার বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জ শহর মোড়ের এক পথসভায় খালেদা জিয়া এসব কথা বলেন।
এর আগে সকাল পৌনে ৯টার দিকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোড়ের বাসা থেকে তার গাড়িবহর বগুড়ার উদ্দেশে রওয়ানা হয়।
সিরাজগঞ্জ শহর মোড়ের পথসভায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা বলেন, "সরকারকে বিরোধী দল যাতে সহযোগিতা করতে পারে সে জন্য সুযোগ সৃষ্টির আহ্বান জানাচ্ছি।"
তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র লক্ষ্য করছি। সংসদে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি বা কাজ করবেন না। স্বার্থবিরোধী কোনো কিছু করা হলে আমরা প্রতিবাদ জানাবো; প্রয়োজনে রাজপথে যেতে বাধ্য হব। আমাদেরকে সে পথে যেতে বাধ্য করবেন না। আমরা জ্বালাও পোড়াও রাজনীতিতে বিশ্বাসী নই। আমরা সংসদে থেকেই সরকারকে সহযোগিতা করতে চাই।"
খালেদা কথিত 'ষড়যন্ত্র' কী তা উল্লেখ না করলেও সম্প্রতি বিএনপি ও তার মিত্ররা সন্ত্রাস দমনের লক্ষ্যে আওয়ামী লীগের প্রস্তাবিত দক্ষিণ এশীয় টাস্কফোর্স গঠন পরিকল্পনার বিরোধিতা করেছে। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
এর আগে খালেদা সিরাজগঞ্জের কড্ডার মোড়ে এক পথসভায় সরকারকে তার ছাত্র সংগঠন এবং দলকে 'নিয়ন্ত্রণ করার' আহ্বান জানান।
খালেদা বলেন, "সরকারকে বলছি ছাত্রসংগঠন ও দলকে নিয়ন্ত্রণ করুন। লুটপাট-দখল বন্ধ করুন। শান্তি, উন্নয়ন ও কল্যাণের স্বার্থে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই।
তিনি অভিযোগ করে বলেন. "সরকারি দল সংসদে বিরোধীদলের আসন কেড়ে নিয়েছে। আমরা সংসদে তাদেরকে সহযোগিতা করতে চেয়েছি। কিন্তু সেটাও তারা দিচ্ছে না।"
বিরোধীদলীয় নেত্রী নির্বাচনী প্রতিশ্র"তি বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। খালেদা বলেন,
"১০ টাকা কেজিতে চাল, ৫ টাকায় কাঁচামরিচ, বিনামূল্যে সার ও প্রতি পরিবারে একজন বেকার যুবকের কর্মসংস্থান সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।"
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বার বার দশটাকা কেজি চালের প্রতিশ্রুতি না দেওয়ার দাবি করে এলেও দৃশ্যত বিএনপি ও তাদের মিত্ররা তা উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।
এ পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার, চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক, সাবেক মেয়র মীর মোহাম্মদ নাসির উদ্দীন, স্থানীয় সাংসদ, রোমেনা মাহমুদ।
আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত গত ২৫ দিনে সারাদেশের চিত্র তুলে ধরে তিনি বলেন, "সরকারের বয়স মাত্র ২৫/২৬ দিন হয়েছে। তারা এসব প্রতিশ্রুতি থেকে দূরে সরে যাচ্ছে। উল্টো দেশে লুটপাট ও মানুষ হত্যা করে চলেছে। একজন মানুষকে ১৭ টুকরা করার ঘটনা ঘটেছে লালবাগে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তাদের ছাত্র সংগঠনগুলো নৈরাজ্য চালাচ্ছে, হল দখল করছে। দেশের মানুষ আজ শান্তিতে নেই।"
পথসভায় তিনি ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দলকে না দেওয়ার বিষয়টিকে সরকারি দলের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে উল্লেখ বলেন।
এ পথসভায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রোমানা মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন ষড়যন্ত্র করে ২৯ ডিসেম্বরের নির্বাচনে বিএনপিকে হারিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বগুড়ায় বিরোধী দলীয় নেত্রীর কর্মসূচির মধ্যে আছে দুপুরে বাগবাড়ির জেলা স্কুল মাঠে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৩তম জন্মবার্ষিকীর আলোচনা সভা এবং বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান।
খালেদা জিয়ার দুপুরের খাবার খাবেন তার স্বামীর গ্রামের বাড়িতে।
বিএনপি চেয়ারপার্সনের তথ্য সেলের প্রধান মারুফ কামাল খান সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার সকালে জানান, ''শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৩তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ম্যাডাম বগুড়া যাচ্ছেন। অনুষ্ঠানমালা শেষ করে আজ (শনিবার) রাতেই আবার ঢাকা ফিরে আসবেন তিনি ।''
বগুড়া যাওয়ার পথে সাভার, নবীনগর, মধুপুর, মির্জাপুর প্রভৃতি স্থানে রাস্তার দুপাশে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীরা খালেদা জিয়ার গাড়িবহরকে স্বাগত জানায়।
শতাধিক গাড়ির এ বহরের সঙ্গে আছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, সালাহউদ্দিন কাদের চৌধুরী, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ কেন্দ্রীয় নেতারা।
১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়ি গ্রামে জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে সেনাশাসক ও রাষ্ট্রপতি জিয়া ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন।
এ বছর জিয়ার ৭৩ তম জন্মবার্ষিকী বর্ধিত কলেবরে পালন করে বিএনপি। দলের সবগুলো অঙ্গসংগঠন সারা দেশে নিজস্ব কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।
খালেদা জিয়া নবম সংসদ নির্বাচনে বগুড়ার যে দুইটি আসন থেকে নির্বাচিত হয়েছিলেন, তার মধ্যে গাবতলী একটি। তিনি শপথ নেওয়ার আগে ফেনীর আসনটি রেখে বগুড়ার দুইটি আসন ছেড়ে দেন।
* সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানা এ প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এসকে/১৩০৮ঘ.
bdnews24