ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--যুদ্ধাপরাধীরা যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আইন সমিতির বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি ছিল ক্ষমতাসীন দলের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্র"তি। সংসদে গত বৃহস্পতিবার এ বিষয়ে একটি সিদ্ধান্ত প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, "তারা (যুদ্ধাপরাধীরা) যাতে বাংলাদেশ ছাড়তে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা নির্দেশ দিয়েছি।"
তবে ওই ধরনের সন্দেহভাজনদের কোনো তালিকা প্রস্তুত হয়েছে কি-না সে সম্পর্কে মন্ত্রী কিছু জানাননি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী বাংলাদেশ আইন সমিতির এ সম্মেলনের উদ্বোধন করেন। এতে অন্যদের মধ্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামও উপস্থিত ছিলেন।
দলমত নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়েও সভায় অঙ্গীকার ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেডআর/এজে/এসকে/১৩৩১ঘ.
bdnews24