২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসন বন্টন 'ঠিক' না হলে সংসদে যাবেনা বিরোধী দল

স্পিকার আসন পুনর্বিন্যাস আবার বিবেচনা করে সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সংসদের অধিবেশনে যোগ দিচ্ছেনা প্রধান বিরোধী দল বিএনপি ও তার মিত্ররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2009, 12:47 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- স্পিকার আসন পুনর্বিন্যাস আবার বিবেচনা করে সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সংসদের অধিবেশনে যোগ দিচ্ছেনা প্রধান বিরোধী দল বিএনপি ও তার মিত্ররা। বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ ভবনে চারদলের অন্তর্ভুক্ত বিএনপি, জামাত ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) সাংসদদের বৈঠক শেষে বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবেদীন ফারুক সাংবাদিকদের বলেন," আমরা স্পিকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আজও সংসদে যাচ্ছিনা।" রোববার বিকাল পর্যন্ত তাদের সংসদীয় দলের সভা মূলতবি রাখার কথা জানিয়ে জয়নাল আবেদীন ফারুক বলেন, "রোববারই সংসদে যাওয়ার বিষয় পরবর্তী সিদ্ধান্ত নেবো। আশা করছি স্পিকার এর মধ্যে আমাদেরকে তার সিদ্ধান্ত জানাবেন।" এর আগে বিকালে বিরোধী দলীয় নেতার সভাকক্ষে বিএনপি দলীয় সংসদদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিরোধী দলীয় সদস্যদের আসন বন্টন নিয়ে আলোচনা হয়েছে। ব্রিফিং এ জয়নাল আবেদীন ফারুক জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে ১ টা পর্যন্ত এমকে আনোয়ারের নেতৃত্বে তাদের একটি প্রতিনিধি দল স্পিকারের সঙ্গে সাক্ষাত করে। স্পিকার তাদের পরে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন। বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, "আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষায় আছি। কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত পাইনি।...আমরা চাই বিরোধীদলীয় বেঞ্চে বিরোধী দলীয় সদস্যরাই আসন পাবেন।" সংসদীয় দলের বৈঠকে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী,এমকে আনোয়ার,জয়নাল আবেদীন ফারুক, বরকতউল্লাহ ভুলু, মজিবুর রহমান সারোয়ারসহ বিজেপির আন্দালিব রহমান পার্থ ও জামায়াতের দুই সাংসদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এসকে/১৮৪৩ঘ.