ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- জঙ্গিবাদের মূলোৎপাটন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জঙ্গিবাদের প্রভাবমুক্ত রাখতে প্রতিষ্ঠানের পরিচালকদের সচেতন থাকারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে বুধবার 'প্রধানমন্ত্রীর প্রশ্ন-উত্তর' পর্বে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান।
হাসিনা বলেন, "বর্তমানে জঙ্গিবাদ আমাদের দেশের একটি বড় সমস্যায় পরিণত হয়েছে। সেজন্য অতীতের চারদলীয় জোট সরকারের সমালোচনা করার সুযোগ থাকলেও আমি তা করতে চাই না। জঙ্গিবাদের মূলোৎপাটনের জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুণোকে নির্দেশ দিয়েছি এবং সকল গোয়েন্দা সংস্থাকে তৎপর হতে বলেছি। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জঙ্গীবাদেও প্রভাবমুক্ত রাখতে প্রতিষ্ঠানের পরিচালকদের সচেতন থাকতে বলেছি।"
এবিষয়ে দেশবাসীকে সচেতন করতে বিভিন্ন সচেতনতামুলক পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন,"জঙ্গিবাদের মদদ দাতা, অর্থের যোগানদাতা, অস্ত্রের উৎস-- এসব বিষয়ে অনুসন্ধান করার জন্যও আমি সংশ্লিষ্ট র্কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি। এ বিষয়েও কার্যকরী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা আমার রয়েছে।"
প্রধানমন্ত্রী জানান, 'সাউথ এশিয়ান এন্টিটেররিস্ট টাস্কফোর্স' গঠনের উদ্যোগ নিতেও তিনি নির্দেশ দিয়েছেন। এতে জঙ্গিদের খুঁজে বের করতে এবং বিচারে সুবিধা হবে বলেও তিনি মনে করেন।
তিনি বলেন, "পুলিশ বাহিনী ও আদালতের মাধ্যমে আন্তঃসীমান্ত সহযোগীতাও বৃন্ধি পাবে। প্রচলিত আইনকে বিচক্ষণতার সঙ্গে ব্যবহার ও তদন্তকারীদের তদন্তে সহায়তা এবং সন্দেহভাজনদের গতিবিধির উপর নজর রাখাও সহজ হবে।"
কুমিল্লা - ৯ আসনে আওয়ামী লীগের সাংসদ মোঃ তাজুল ইসলামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জঙ্গীবাদ দমনের বিষয়ে তার সরকারের আন্তরিকতার কথা জানান।
একই প্রশ্নের সম্পূরক জবাবে হাসিনা বলেন, "জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলেও অনেকে ইসলামের বিরুদ্ধে হামলা বলে প্রচার করেন। জঙ্গিদের কোনো বর্ডার বা ধর্ম-বর্ণ নেই। জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ধর্ম বা বর্ডার বিচার করলে চলবে না।"
আওয়ামী লীগের মেহের আফরোজ চুমকীর আরেক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "জঙ্গিবাদের অর্থের যোগান দাতা কোনো ব্যাংক বা অন্য যে কেউ হোক না কেনো তাদেও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা আরো জানান, শ্রমজীবী শিশুদের জন্য বিদ্যালয়ের সংখ্যা বাড়ানো হবে। পর্যায়ক্রমে ছয়টি বিভাগীয় শহরে ১ দশমিক ৬৬ লাখ শ্রমজীবী শিশুকে মৌলিক ও প্রাথমিক শিক্ষা দেওয়া হবে। এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ে ৪০ হাজার শ্রেণীকক্ষ নির্মাণ করা এবং ৪৫ লাখ শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
আরেক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, "সারের কোনো সমস্যা হবে না। মাটির স্বাস্থ্য রক্ষার জৈবসার তৈরী ও ব্যবহার বৃদ্ধি করা হচ্ছে। বিদ্যুত সংকট থাকা সত্ত্বে সেচের জন্য বিদ্যুত সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।"
আরেক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বঙ্গোপসাগর থেকে ভূমি উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে।
আরেক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, "সরকারী, আধাসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীর ব্যবস্থা করা হবে এবং কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে ঋণ দিয়ে যুবকদের ব্যবসার সুযোগ করে দেয়া হবে।"
চট্টগ্রাম - ১০ আসনের আওয়ামী লীগের সাংসদ এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, উৎপাদন বৃদ্ধি ও উৎপাদন ব্যয় হ্্রাসের ফলে খাদ্য শস্যের মূল্যও জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে ফিরে আসবে।
জাতীয পার্টির সাংসদ মুজিবুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, "যেখানে নরম হওয়ার সেখানে নরম হবো। আর যেখানে শক্ত হওয়ার দরকার সেখানে শক্ত হবো। আমি জনগণের জন্য রাজনীতি করি। না হলে এই বৃদ্ধ বয়সে রাজনীতি করতাম না। এত জেল-জুলুমের পর জনগণের জন্যই রাজনীতি করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/কেআরসি/জিএনএ/১৯২৮ ঘ.
bdnews24