ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির দীর্ঘদিনের সঙ্গী অধ্যাপক ড. হোসেন মনসুর সরকার বদলের সঙ্গে দৃশ্যত নিজের অবস্থান পরিবর্তন করলেন।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, "আমি আপনাদের সঙ্গে ছিলাম। আমি আওয়ামী লীগের একজন কর্মী। এ দলে আমার প্রাথমিক সদস্য পদ আছে। আজকে আমি আপনাদের পরামর্শ শুনতে এসেছি। কোন কর্মকর্তা কি করেছেন সে বিষয়ে কথা বলতে চাই না।"
জাতীয় সম্পদ রক্ষার ঘোষিত লক্ষ্য নিয়ে গঠিত এ কমিটিকে 'সহনশীল' হওয়ার পরামর্শ দিয়ে ভূতত্ত্বের অধ্যাপক ড. হোসেন মনসুর সরকার বলেন, "আমি মনে করি সহনশীলতার সঙ্গে বিবেচনা করা উচিত। বিদ্যুৎ উৎপাদন করবেন আর কয়লা গ্যাস উত্তোলন করবেন না তা হয় না।"
এর আগের আওয়ামী লীগ সরকারের সময় পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা এ অধ্যাপক তার বক্তব্যে গত সাত বছরে বিদ্যুৎ খাতের কোনও প্রবৃদ্ধি হয়নি বলে সমালোচনা করেন। তিনি বলেন, "দেশের জ্বালানি খাত বিদেশ- নির্ভর হয়ে পড়েছে।"
ড. হোসেন মনসুরের বক্তব্যের পর কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ তাকে উদ্দেশ্য করে বলেন, "আপনি বিভ্রান্তি সৃষ্টি করবেন না। আমরাও উৎপাদন উন্নয়নের পক্ষে। আমরা সরকার পতনের বা কোনও উগ্র আন্দোলন করছি না। সরকার বিতর্কিত লোকদের নিয়োগ দিয়ে নিজেই সর্বনাশ ডেকে আনছে।"
প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ই ইলাহীর অপসারণের দাবিতে মঙ্গলবারের এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন প্রকৌশলী শহীদুল্লাহ।
এতে বলা হয়, তৌফিক ই ইলাহী চৌধুরী বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে বহুজাতিক কোম্পানির বিদেশের অফিস উদ্বোধন করিয়েছেন। মাগুরছড়া গ্যাসক্ষেত্র বিস্ফোরণের ক্ষতিপূরণ আদায়ের আইনী পথ বন্ধ হয়ে যায় তারই কারণে। এশিয়া এনার্জির সঙ্গে 'রাষ্ট্র বিরোধী' চুক্তির সঙ্গেও তিনি জড়িত।
কমিটির লিখিত বক্তব্যে মন্তব্য করা হয়, "এহেন ব্যক্তিকে মন্ত্রীর মর্যাদায় জ্বালানি উপদেষ্টার দায়িত্ব দেওয়ায় দেশের জ্বালানি সম্পদের নিরাপত্তার ব্যাপারে জনগণ আতঙ্কিত। তাকে এ দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। অন্যথায় প্রবল আন্দোলন গড়ে তোলা হবে।"
কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, আমরা অবশ্যই দেশের খনিজ সম্পদ উত্তোলন করতে চাই। এর বিরুদ্ধে নই। তবে সে সম্পদ যেন দেশের প্রয়োজনে ব্যবহার করা হয় এবং এর ওপর দেশের মানুষের অধিকার থাকে।
তিনি বলেন, বর্তমান সরকার দিন বদলের সনদ নিয়ে ক্ষমতায় এসেছে। তাদের উচিত নিজেদের বদলে ফেলা। আগে তারা যেভাবে চুক্তি করেছে সে দৃষ্টিভঙ্গি থেকে সরে আসতে হবে। অতীতের চুক্তি প্রকাশ করতে হবে। জনস্বার্থ বিরোধী চুক্তি বাতিল করতে হবে।
যুদ্ধাপরাধীদের বিচারে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে ড. সামসুল আলম বলেন, "আশা করি অচিরেই জ্বালানি যুদ্ধাপরাধীরা বিচারের সম্মুখীন হবে।"
সাবেক সচিব সৈয়দ আবুল মকসুদ বলেন, যাকে নিয়ে আলোচনা হচ্ছে তার সঙ্গে আমাদের কোনও শত্র"তা নেই। তবে তিনি কয়েকদিন আগেই জেল থেকে বেরিয়ে এসেছেন।
আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নুর মোহাম্মদ, প্রফেসর সাদ উদ্দিন, সাংবাদিক কামাল লোহানী, বুয়েটের অধ্যাপক ড. নজরল ইসলাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৮৫৭ঘ.
bdnews24