২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আব্দুল হামিদ নতুন স্পিকার নির্বাচিত

অ্যাডভোকেট আব্দুল হামিদ ও অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী নবম সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। সংসদ থেকে জানাচ্ছেন কামরান রেজা চৌধুরী ও সুমন মাহবুব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2009, 09:47 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাডভোকেট আব্দুল হামিদ ও অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী নবম সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। সংসদ থেকে জানাচ্ছেন কামরান রেজা চৌধুরী ও সুমন মাহবুব। আড়াই বছর পর রোববার সংসদের প্রথম অধিবেশন শুরুর পরপরই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হন। বিদায়ী স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। সোয়া তিনটায় শুরু হওয়া এ অধিবেশনে অংশ নিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। উদ্বোধনী ভাষণের শেষ দিকে বিদায়ী স্পিকার জমিরউদ্দিন সরকার স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের কার্যক্রম শুরু করেন। মুন্সীগঞ্জ-৪ আসনের সাংসদ আব্দুস শহীদ স্পিকার হিসেবে কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ অ্যাডভোকেট আব্দুল হামিদের নাম প্রস্তাব করেন। এতে সমর্থন জানান মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ সেগুফতা ইয়াসমিন। পটুয়াখালী-২ আসনের সাংসদ আসম ফিরোজ ডেপুটি স্পিকার হিসেবে শরীয়তপুর-২ আসনের সাংসদ অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলীর নাম প্রস্তাব করেন। এতে সমর্থন জানান কুমিল্লা-১১ আসনের সাংসদ মো. মজিবুল হক। কণ্ঠভোটে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। এ সময় বিএনপির সাংসদরা নীরব ছিলেন। স্পিকার নির্বাচনের পরপরই অধিবেশন আধঘণ্টার জন্য মুলতুবি করা হয়। এর পর সংসদের ৫ম তলায় রাষ্ট্রপতির চেম্বারে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ান ইয়াজউদ্দিন আহম্মেদ। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, উপনেতা জিল্লুর রহমান ও প্রধান হুইপ আবদুস শহীদ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় আব্দুল হামিদকে নবম জাতীয় সংসদের স্পিকার মনোনীত করা হয়। ডেপুটি স্পিকার হিসেবে মনোনীত করা হয় অভিজ্ঞ সাংসদ আওয়ামী লীগ নেতা অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলীকে। প্রথম সংসদ অধিবেশন শুরুর একটু আগে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক শেষে দলের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংসদে দ্বিতীয় ডেপুটি স্পিকার পদ সৃষ্টির জন্য সংবিধান সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ডেপুটি স্পিকারের পদটি প্রধান বিরোধীদল বিএনপিকে দেওয়া হবে।" জাতীয় সংসদ ভবনের নবম তলায় দুপুর সোয়া দুইটায় অনুষ্ঠিত সংসদীয় দলের দ্বিতীয় সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। গত ৩ জানুয়ারি আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভা হয়। সংবিধানের ৭৪ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদের প্রথম অধিবেশনে অবশ্যই একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে। রোববারের সভায় আওয়ামী লীগের প্রায় সব সাংসদ উপস্থিত ছিলেন বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসইউএম/এফএফ/এজে/জিএনএ/১৬০০ ঘ.