ময়মনসিংহ, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ১২টি উপজেলার মধ্যে ১১টির বেসরকারি ফলাফল ঘোষণা হয়েছে। এর সাতটিতে আওয়ামী লীগ এবং চারটিতে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।
ময়মনসিংহ সদরে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মো. ফয়জুর রহমান ফকির।
এছাড়া ধোবাউড়া উপজেলায় আওয়ামী লীগের ফোরকান উদ্দিন সেলিম মৃধা, হালুয়াঘাট উপজেলায় বিএনপির আলী আজগর, মুক্তাগাছায় আওয়ামী লীগের অ্যাডভোকেট বদরউদ্দিন আহমদ, ফুলবাড়িয়ায় বিএনপির মো. আনোয়ার হোসেন বাদশা, ত্রিশালে বিএনপির আব্দুল খালেক, ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের সৌমেন্দ্র কিশোর রায় চৌধুরী, ভালুকা উপজেলায় একইদলের কাজিম উদ্দিন আহমদ ধনু, ফুলপুর উপজেলায় বিএনপি সমর্থিত আব্দুল মতিন মতি, গৌরীপুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত আলী আহাম্মাদ খান পাঠান সিলভি এবং গফরগাঁও উপজেলায় আওয়ামী লীগের ফাহমি গোলন্দাজ বাবেল বিজয়ী হয়েছেন।
নান্দাইল উপজেলার ফলাফল ঘোষণা করা হয়নি।
বৃহস্পতিবার সারাদেশে তৃতীয় উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে গোলযোগের কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেএইচডি/০৫১২ ঘ.
bdnews24