২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় সরকারে সাংসদদের ভূমিকা স্পষ্ট করা হবে : সৈয়দ আশরাফ

স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন সংসদে উত্থাপিত হতে যাওয়া স্থানীয় সরকার বিলে স্থানীয় সরকারে সাংসদদের ভূমিকার বিষয়টি স্পষ্ট করা হবে। তত্ত্বাবধায়ক সরকারের সময় জারি করা স্থানীয় সরকার অধ্যাদেশে স্থানীয় সরকারে সাংসদদের ভূমিকার বিষয়টির স্পষ্ট উল্লেখ নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2009, 01:26 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন সংসদে উত্থাপিত হতে যাওয়া স্থানীয় সরকার বিলে স্থানীয় সরকারে সাংসদদের ভূমিকার বিষয়টি স্পষ্ট করা হবে। তত্ত্বাবধায়ক সরকারের সময় জারি করা স্থানীয় সরকার অধ্যাদেশে স্থানীয় সরকারে সাংসদদের ভূমিকার বিষয়টির স্পষ্ট উল্লেখ নেই। স্থানীয় সরকার মন্ত্রী মঙ্গলবার তার কার্যালয়ে সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে ইতোমধ্যেই স্থানীয় সরকার কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এর আগে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, জাতিসংঘ উন্নয়ন সংস্থার (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়ন ও ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ ও পৃথকভাবে বৈঠক করেন। এসব বৈঠক প্রসঙ্গে মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, তিন কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তারা বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা, মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যতে কি কি প্রকল্পে তাদের সহায়তা দেওয়া সম্ভব এসব বিষয় নিয়ে আলোচনা করেছেন। মন্ত্রী বলেন, তারা নতুন সরকারের প্রাথমিক পদক্ষেপের প্রশংসা করেছেন। ভবিষ্যতে সরকারের নির্বাচনী ইশতেহার যথাযথভাবে বাস্তবায়ন হবে বলেও তারা আশা প্রকাশ করেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যেই ইশতেহার বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য প্রণীত রাষ্ট্রপতির ভাষণে আশু করণীয় বিষয়গুলোর সুষ্পষ্ট উল্লেখ করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রণীত স্থানীয় সরকার অধ্যাদেশের সঙ্গে আওয়ামী লীগ শাসনামলে ১৯৯৮ সালে প্রণীত উপজেলা পরিষদ আইনের তুলনা করে তিনি বলেন, "আওয়ামী লীগের প্রণীত ওই আইনে একজন চেয়ারম্যান নির্বাচনের কথা বলা হয়েছে। কিন্তু অধ্যাদেশে একজন চেয়ারম্যান ও দুইজন ভাইস চেয়ারম্যান নির্বাচনের কথা রয়েছে। আমরা এ দিকটি নীতিগতভাবে মেনে নিয়েছি।" স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আইনে সাংসদদের ভূমিকার বিষয়টি স্পষ্ট হওয়া দরকার। এ কারণেই স্থানীয় সরকার কমিশনসহ সকলের সঙ্গে আলোচনার ভিত্তিতে সংশোধন করে বিলটি সংসদে তোলা হবে। এ ব্যাপারে স্থানীয় সরকার কমিশনের কোন আপত্তি নেই। উপজেলা চেয়ারম্যান তথা প্রশাসনের সঙ্গে সাংসদের দ্বন্দ্বের আশঙ্কা থাকায় তার ভূমিকার বিষয়টি স্পষ্ট হওয়া দরকার বলে বিশেষজ্ঞরা মনে করেন। উন্নয়নসহ বিভিন্ন কর্মকাণ্ডে সাংসদের ভূমিকা তত্ত্বাবধানমূলক না হয়ে নিয়ন্ত্রণমূলক হলে তা স্থানীয় সরকারের কর্তৃত্বকে খর্ব করবে বলে মনে করা হয়। স্থানীয় সরকারের সঙ্গে সাংসদদের সংঘাতের কোন সম্ভাবনা নাকচ করে দিয়ে সৈয়দ আশরাফ বলেন, "দুই পক্ষের মধ্যে সংঘাতের কোন সম্ভাবনা নেই। কারণ আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনতে হলে সকলের একযোগে কাজ করার কোন বিকল্প নেই।" বৈঠক প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি সাংবাদিকদের বলেন, "মন্ত্রীর সঙ্গে স্থানীয় সরকার ব্যবস্থা আরো শক্তিশালী করার ব্যাপারে আলোচনা করা হয়েছে। এ খাতে ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা দিচ্ছে। ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী ও কার্যকর করতে সরকার ব্যবস্থা নেবে বলে আমরা আশা করি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯২০ঘ.