২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলার দুই উপজেলায় নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপি প্রার্থীদের

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই- এ অভিযোগ এনে ভোলা সদর ও তজুমদ্দিন উপজেলায় বিএনপি সমর্থিত পাঁচ প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। সোমবার পৃথক সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2009, 02:01 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ভোলা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই- এ অভিযোগ এনে ভোলা সদর ও তজুমদ্দিন উপজেলায় বিএনপি সমর্থিত পাঁচ প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। সোমবার পৃথক সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন। সদর উপজেলায় নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী যথাক্রমে জেলা বিএনপি সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান এবং উপজেলা বিএনপি সভাপতি মো. ফারুক মিয়া। সকাল ১১টায় শহরের উকিল পাড়ায় এ দু'প্রার্থীর নির্বাচনী কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আমিনুল ইসলাম খান। লিখিত বক্তব্যে দাবি করা হয়, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। তাই তারা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। এতে বলা হয়, "অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ না থাকায় জনসাধারণের এবং আমাদের মনে দৃঢ় বিশ্বাস সৃষ্টি হয়েছে যে নির্বাচনে পক্ষপাতিত্ব হবে। যেকোনো মুহূর্তেই যানমাল এবং ইজ্জত হানির হাত থেকে জনগণকে রক্ষার স্বার্থে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হলাম।" লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ১৫ ও ১৬ জানুয়ারি এ দু'প্রার্থী তাদের কর্মীদের ওপর হামলার ঘটনা ভোলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাংগঠিক সম্পাদক হারুনর রশীদ রুমেন, যুবদল সভাপতি পিয়ারুল আলম লিটন, যুবদল সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। একই অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন তজুমদ্দিন উপজেলার বিএনপি সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। এরা হলেন- চেয়ারম্যান পদে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মহিবুল্লাহ নাগর, ভাইস চেয়ারম্যান নাসিরউদ্দিন ভুট্টো এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাকিয়া বেগম। বিকেলে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন। তজুমদ্দিন উপজেলা বিএনপি সভাপতি মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এতে বলা হয়, প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের হামলা, ভয়ভীতি দেখানো, সন্ত্রাস, প্রচারণায় বাধা প্রভৃতি তাদের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এর আগে তাদের বিভিন্ন অভিযোগ ভোলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইউএনওকে জানানো হয় বলেও লিখিত বক্তব্যে দাবি করা হয়। এ ব্যাপারে জেলা আ'লীগ সাধারণ সম্পাদক আব্দুল মোমিন টুলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি শুনলাম তারা সাংবাদিক সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। তাই চাই তারা বর্জনের সিদ্ধান্ত পরিবর্তন করে নির্বাচনে অংশগ্রহণ করুক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫৯ ঘ.