ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতার অপব্যবহার করে ভাওয়াল জাতীয় উদ্যানের জমি লিজ দেওয়া ও নেওয়ার অভিযোগে বিএনপির সাবেক মন্ত্রী শাজাহান সিরাজ, তরিকুল ইসলাম ও অরিয়ন গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল করিমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক ভূমিমন্ত্রী এম শামসুল ইসলাম ও গাজীপুরের সাবেক জেলা প্রশাসক মো. সাহাব উল্লাহসহ চারজনকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে কমিশন।
বৃহস্পতিবার কমিশনের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল একথা জানান।
অন্য যে আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে তারা হলেন- তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন, শাজাহান সিরাজের ছেলে রাজিব সিরাজ অপু, সাবেক প্রতিমন্ত্রী আব্দুস সাত্তার ভূঞা এবং জাফরুল ইসলাম চৌধুরী।
কর্নেল হানিফ ইকবাল বলেন, "অভিযোগ থেকে অব্যাহতি পাওয়া অন্য দু'জন হলেন গাজীপুরের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক এম রফিকুল ইসলাম এবং সাবেক ভূমি সচিব আজাদ রুহুল আমীন।"
ভূমি আত্মসাতের অভিযোগে গত বছরের ২০ মে জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/জিএনএ/১৬১৪ ঘ.
bdnews24