২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরিদ্র্যদের জন্য আনা অর্থে সন্তানদের পড়াতেন কাজী ফারুক: দুদক

দরিদ্রদের জন্য অর্থ এনে তা দিয়ে সন্তানদের বিদেশে পড়াতেন প্রশিকা চেয়ারম্যান কাজী ফারুক আহম্মদ। একটি মামলায় এই অভিযোগ এনে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কাজী ফারুকসহ প্রশিকার ছয় কর্মকর্তার বিরুদ্ধে বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ অভিযোগপত্র দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2009, 03:44 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দরিদ্রদের জন্য অর্থ এনে তা দিয়ে সন্তানদের বিদেশে পড়াতেন প্রশিকা চেয়ারম্যান কাজী ফারুক আহম্মদ। একটি মামলায় এই অভিযোগ এনে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কাজী ফারুকসহ প্রশিকার ছয় কর্মকর্তার বিরুদ্ধে বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে বলা হয়, কাজী ফারুকসহ আসামিরা প্রশিকার দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের বিপরীতে বিদেশি দাতা সংস্থার কাছ থেকে প্রাপ্ত অনুদানের অর্থ এনজিও ব্যুরোর অনুমোদন ছাড়াই 'মাদার অ্যাকাউন্ট' থেকে অন্য একটি 'এফসি অ্যাকাউন্টে' স্থানান্তর করেন। পরে ওই অর্থ কাজী ফারুকের ছেলে-মেয়ে এবং প্রশিকা কর্মকর্তা নারগিস আক্তার বানুর ছেলেসহ তিন জনকে বিদেশে উচ্চ শিক্ষার জন্য পাঠানো হয় বলে দুদকের অনুসন্ধানে ধরা পড়ে। অভিযোগপত্রে বলা হয়, ওই তিন জনের উচ্চ শিক্ষার জন্য প্রশিকার 'এফসি অ্যাকাউন্ট' থেকে ২ হাজার ৪৬৯ দশমিক ৪১ মার্কিন ডলার বিদেশে পাঠানো হয়। দুর্নীতি ও প্রতারণার মাধ্যম অবৈধভাবে এ অর্থ বিদেশে পাচার করা হয়। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকী অভিযোগপত্রটি দাখিল করেন। মামলার অন্য আসামিরা হলেন- প্রশিকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল করিম ও ডেভিড উইলিয়াম বিশ্বাস, প্রধান হিসাব কর্মকর্তা ইউসুফ আলী মিয়া, অর্থ সমন্বয়কারী আলমগীর কবির খান এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গুলশান এভিনিউ শাখার পরিচালক মির্জা আমিনুর রহমান। এদের মধ্যে আলমগীর কবির খান ছাড়া বাকিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন বলে অভিযোগপত্রে জানানো হয়। গত বছরের ৯ জুন দুদকের উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এ মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/এসকে/২১৪৩ঘ.