ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিদায়ী স্পিকার মোহাম্মদ জমিরউদ্দিন সরকারের কাছ থেকে বৃহস্পতিবার বিএনপি ও চারদলীয় জোটের নবনির্বাচিত সাংসদরা শপথ নেবেন।
বুধবার বিদায়ী স্পিকার তার কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শপথের জন্য সবকিছু প্রস্তুত। আগামীকাল (বৃহস্পতিবার) আমি তাদের শপথ পড়াব।"
জাতীয় সংসদ ভবনের 'শপথ কক্ষে' বিকেল ৪টায় শপথের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
প্রথম অধিবেশনের আগে নির্ধারিত সময়ে শপথ না নেওয়ায় বিএনপি সাংসদদের প্রথম দিন অধিবেশনে থাকা নিয়ে সংশয় ছিল।
বর্তমান স্পিকারের অধীনে তাদের শপথ নেওয়া নিয়ে জটিলতা দেখা দেওয়ার প্রেক্ষাপটে বিএনপির অনুরোধের পরিপ্রেক্ষিতে নতুন এ তারিখ নির্ধারণ করা হয়।
চারদলীয় জোটের নবনির্বাচিত সাংসদরা তাদের শপথ অনুষ্ঠানের নির্ধারিত তারিখ গত ৪ জানুয়ারি অনুপস্থিত ছিলেন।
নির্দিষ্ট সময়ের মধ্যে প্রথমে স্পিকার এবং পরে বিকল্প হিসেবে প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে শপথের ব্যবস্থা থাকলেও বিএনপির সাংসদরা শপথ নেননি।
বুধবার গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচন কমিশন নোয়াখালী-১ আসন থেকে নির্বাচিত এ কে এম মাহবুব উদ্দিন খোকনকে সরকারিভাবে নির্বাচিত ঘোষণা করায় তিনিও বৃহস্পতিবার শপথ নিতে পারবেন।
শপথ গ্রহণের মাধ্যমে তারা আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত নতুন (নবম) সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে পারবেন।
সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্বাচিত সাংসদরা শপথ নেওয়া ছাড়া অধিবেশনে যোগ দিতে পারেন না।
সংবিধান অনুযায়ী ২৫ জানুয়ারি প্রথমে জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ইতোমধ্যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন করার প্রস্তাব দিয়েছে। তাই বিএনপি চাইলে তাদের দল থেকে এ পদে একজনকে মনোনীত করতে পারবে।
আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল ও ওয়ার্কার্স পার্টির সাংসদরা গত ৪ জানুয়ারি স্পিকার জমিরউদ্দিন সরকারের কাছ থেকে শপথ নেন।
ওইদিনই সংবিধান উদ্ধৃত করে স্পিকার জমিরউদ্দিন বলেছিলেন, "সংবিধানের বিধির কারণে আমি আর এর পর বিএনপি-জামায়াতের সাংসদদের শপথ পড়াতে পারব না।"
নিজের এই বক্তব্য খণ্ডন করে তিনি সোমবার বলেন, "যেহেতু সংবিধানে নতুন স্পিকারের কাছে শপথ নিতে হবে- এমন কথা স্পষ্ট বলা নেই। তাই স্পিকার হিসেবে আমিই শপথ পড়াব।"
সাংবাদিকদের স্পিকার আরো বলেন, তিনি যেহেতু অসমর্থ বা অনাগ্রহী ছিলেন না কাজেই প্রধান নির্বাচন কমিশনারের শপথ পড়ানোর শর্ত প্রযোজ্য নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/ডিডি/এসকে/২০৫৩ঘ.
bdnews24